পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ফন্ট সাইজ:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। আজ আল আমেরাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩১ দশমিক ৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশের যুবারা। জবাবে দিতে নেমে ১৬৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।



আগে ব্যাট করতে নেমে ২৫ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপর আবদুল্লাহ আল মুহি ও অধিনায়ক ফরিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ৬৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর আবারও চাপে পড়ে লাল-সবুজেরা। একপর্যায়ে ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন মুহি। ৪৫ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫০ রান করে দলের সর্বোচ্চ স্কোর গড়েন তিনি। রাফি করেন ২০ রান। এ ছাড়া রাকিবুল হোসেনের ব্যাট থেকে আসে ২৬ রান। শেষদিকে আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় ১৩৮ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। সেমিফাইনালে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান পাকিস্তানি পেসার রিজওয়ানউল্লাহ। ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া মোহাম্মদ সায়্যাম দুটি এবং আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসেইন একটি করে উইকেট নেন। জবাবে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেন পাকিস্তানের দুই ওপেনার হায়াম খান ও উসমান খান। উদ্বোধনী জুটিতে ১২৩ রান যোগ করে জয়ের পথ সহজ করেন। ৭২ বলে ৬৯ রান করে হায়াম ফিরলেও অপরাজিত থাকেন উসমান। মাত্র ৫৪ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৬৪ রান করেন উসমান। অন্যপ্রান্তে ৫ বলে ৮ রান নিয়ে অপরাজিত থাকেন আবদুল কাদির। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রবিউল হাসান অনিক। এমন হতাশাজনক হার নিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় যুবাদের।
​