ট্রাম্প-নেতানিয়াহুর তুলকালাম, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন

ট্রাম্প-নেতানিয়াহুর তুলকালাম, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’

ফন্ট সাইজ:

ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করা হবে কিনা, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। দুই নেতার ফোনালাপ একপর্যায়ে ‘নারকীয় চিৎকার-চেঁচামেচিতে’ রূপ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফের তেহরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিষয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করার পর এই বিরোধ আরও সামনে আসে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাতে জানা গেছে, নেতানিয়াহু ইরানে নতুন করে হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন। অন্যদিকে ট্রাম্প কূটনৈতিক পন্থা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে দুই নেতার মধ্যে উত্তেজনা বাড়তে বাড়তে ফোনালাপটি একপর্যায়ে ‘নারকীয় চিৎকার-চেঁচামেচিতে’ রূপ নেয় বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে নেতানিয়াহুর দপ্তর ফোনালাপে উত্তপ্ত পরিস্থিতি তৈরির খবর অস্বীকার করেছে। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও দপ্তর থেকে বলা হয়েছে, কথোপকথনটি ‘মোটেও কঠিন ছিল না’।
ফক্স নিউজকে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি ধসে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধ, অপারেশন ইকোনমিক আউটকাস্ট এবং নতুন অপারেশন আয়রন গেট পূর্ণ মাত্রায় অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সব তাস রয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য যা সবচেয়ে ভালো, তিনি সেটিই করবেন।’
এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবারও শুরু করার জন্য চাপ দিতে নেতানিয়াহু প্রায় প্রতিদিনই ট্রাম্পকে ফোন করছেন।

এর আগেও ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোনালাপের খবর প্রকাশিত হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘একেবারে পাগল’ বলে অভিহিত করেছিলেন বলে খবর প্রকাশিত হয়।
জুনে এক সাক্ষাৎকারে পডকাস্ট উপস্থাপক ও রক্ষণশীল ভাষ্যকার মিরান্ডা ডিভাইন ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি তাকে বলেছিলেন, “তুমি কি পাগল হয়ে গেছ? কী করছ তুমি? তোমাকে জেলে যাওয়া থেকে আমি বাঁচিয়েছি”?’
জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, বলেছিলাম।’ তবে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি রাগান্বিত ছিলেন না, কিছুটা বিরক্ত হয়েছিলেন। লেবাননে নেতানিয়াহুর অব্যাহত হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘একপর্যায়ে আমি বলেছিলাম, বিবি, তোমাকে এসব বন্ধ করতে হবে। তোমাকে থামতে হবে।’
তবে ওই সময়ও ট্রাম্প দাবি করেছিলেন, তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ রয়েছে।

ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইসরাইল তাকে প্রভাবিত করেছিল—এমন অভিযোগও বারবার অস্বীকার করেছেন ট্রাম্প।
এদিকে বুধবার ইরানের এক কর্মকর্তা সংঘাত ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন। বৈরুতভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ভুল করে আমাদের ওপর হামলা চালায়, তাহলে আমরা নিজেদের কাছাকাছি অবস্থিত ঘাঁটিগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকব না।’
তিনি আরও বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটিও আমাদের লক্ষ্যবস্তু হতে পারে।’
যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যে মাসের পর মাস ধরে আলোচনা অচলাবস্থায় রয়েছে। উভয় পক্ষই নিজেদের দাবিতে অনড় থাকায় সমঝোতার পথ তৈরি হচ্ছে না।