শিক্ষাগত সনদ বিতর্কে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

শিক্ষাগত সনদ বিতর্কে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

ফন্ট সাইজ:

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষের মধ্যে জিবরানের পদত্যাগ সরকারের ওপর নতুন চাপ তৈরি করেছে।

ইন্দোনেশিয়ার পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের জানান, ৩৯ বছর বয়সী জিবরান বৃহস্পতিবার পার্লামেন্টের নেতাদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রেসিডেন্ট প্রাবোওর কাছেও পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে গত মাসে রায় দেন ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট। এরপর থেকেই জিবরানকে পদ থেকে সরানোর দাবি জোরালো হয়ে ওঠে।
ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা সীমিত। সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করা এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তার স্থলাভিষিক্ত হওয়াই মূলত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব।

রাজনীতিতে নতুন সমীকরণের আভাস
জিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ থেকে এসব বিক্ষোভের সূত্রপাত। কয়েক মাস ধরে চলা দাবানলে দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া।

জিবরানের পদত্যাগে প্রেসিডেন্ট প্রাবোও এবং তার পূর্বসূরি জোকো উইদোদোর মধ্যে গড়ে ওঠা ক্ষমতাসীন রাজনৈতিক জোটেও জটিলতা তৈরি হতে পারে। জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।

ইন্দোনেশিয়ার নিরাপত্তা ও কৌশলগত গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইএসইএসএস) নির্বাহী পরিচালক খাইরুল ফাহমির মতে, ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ দেশটির রাজনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। তবে এতে সরকারের স্থিতিশীলতা সরাসরি হুমকির মুখে পড়বে বলে মনে করেন না তিনি।

এএফপিকে ফাহমি বলেন, জোকো উইদোদো তার রাজনৈতিক প্রভাব ধরে রাখবেন। তবে জিবরানের বিদায়ের ফলে ক্ষমতার কেন্দ্রের সঙ্গে তার অনুসারীদের সরাসরি যোগাযোগের সুযোগ কমতে পারে। অন্যদিকে, এতে প্রাবোওর নিজের নেতৃত্ব সুসংহত করা এবং নিজস্ব রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেয়ার সুযোগ বাড়বে।
জিবরান কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি পার্লামেন্টের স্পিকার আহমাদ মুজানি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দুই বছর পর প্রাবোওর জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর মধ্যেই গত সপ্তাহে প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাবেক পুলিশপ্রধানসহ পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা জনপ্রিয় নেতা জোকো উইদোদোর সমর্থনই প্রাবোওর ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়।

বিদেশে পড়াশোনা নিয়ে বিতর্ক
ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন জিবরান। তবে দায়িত্ব নেয়ার দুই বছর পর তার উচ্চমাধ্যমিক শিক্ষাগত সনদের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ জানান সমালোচকেরা। দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে হলে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

জিবরান সিঙ্গাপুরে পড়াশোনা করেছেন এবং সেখানে বিপণন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালের নির্বাচনে প্রার্থিতার কাগজপত্র জমা দেয়ার সময় তিনি একটি সনদ দাখিল করেন। ওই সনদে বলা হয়েছিল, সিঙ্গাপুরে অর্জিত তার শিক্ষাগত যোগ্যতা ইন্দোনেশিয়ার কারিগরি উচ্চমাধ্যমিক শিক্ষার সমমানের।কিন্তু গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট ওই সনদ বাতিলের রায় দেন। এর পরই পার্লামেন্টে জিবরানকে পদ থেকে সরানোর উদ্যোগ নেয়া হয়। শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বরাবরই নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়েছেন জিবরান।

তিনি বলেন, ‘আমি যদি উচ্চমাধ্যমিক পাস না করতাম, তাহলে নিশ্চয়ই কলেজে পড়তে পারতাম না। আমি সিঙ্গাপুরে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছি।’
এদিকে জিবরানের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রাবোওর হাতে পার্লামেন্টে দুটি নাম প্রস্তাব করার ১৪ দিন সময় রয়েছে। এরপর উত্তরসূরি বেছে নিতে পার্লামেন্ট দুই মাস সময় পাবে।