এনভিডিয়ার পরবর্তী সিইও কে হচ্ছেন?

এনভিডিয়ার পরবর্তী সিইও কে হচ্ছেন?

ফন্ট সাইজ:

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এখন পর্যন্ত নিজের কোনো উত্তরসূরি মনোনীত করেননি। তবে বিশ্লেষক ও বিনিয়োগকারীদের অনেকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দুজনকে বিশেষভাবে বিবেচনা করছেন। অন্তত স্বল্পমেয়াদে, তারা হলেন এনভিডিয়ার শীর্ষ প্রকৌশলী ইয়ান বাক এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বুধবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদের বৈঠকে হুয়াংকে পদ থেকে সরিয়ে দেয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

দীর্ঘদিনের শীর্ষ নেতা হুয়াংকে ঘিরে বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বের শীর্ষ এআই প্রসেসর সরবরাহকারী প্রতিষ্ঠানটি নতুন করে সংকটে পড়েছে। পরিচালনা পর্ষদের বৈঠক সম্পর্কে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও এনভিডিয়া তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
হুয়াং আর দশজন প্রধান নির্বাহীর মতো নন। চামড়ার জ্যাকেট পরা, ক্যারিশম্যাটিক এই প্রযুক্তি উদ্যোক্তা এনভিডিয়ার চিপকে ঘিরে একধরনের আবেগ তৈরি করেছেন। ভিডিও গেমের প্রসেসর তৈরির মাধ্যমে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন।

এর মধ্য দিয়ে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছিল।
সিডনিভিত্তিক ফ্লাডলাইনস রিসার্চের প্রতিষ্ঠাতা আনা উ বলেন, ‘জেনসেন হুয়াং এই শিল্পের একজন রকস্টার। তিনি স্পষ্টভাষী এবং এনভিডিয়া ব্র্যান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ ধরনের একজন নেতার বিকল্প খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন।’
হুয়াংয়ের বিকল্প খুঁজে পাওয়া নিয়ে এই উদ্বেগের প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ারবাজারেও। চলতি সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য থেকে ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে। এর ফলে প্রতিষ্ঠানটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানিতে নেমে এসেছে।

বুধবার হুয়াংকে সরিয়ে দেয়া হলে তার স্থলাভিষিক্ত কে হতে পারেন, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে আসে প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্মের প্রধান নির্বাহী রেনে হাস, এনভিডিয়ায় ৩২ বছর ধরে কর্মরত জেফ ফিশার এবং হুয়াংয়ের দুই সন্তানের নাম। তার দুই সন্তানই বর্তমানে এনভিডিয়ায় নির্বাহী পদে রয়েছেন।

প্রযুক্তি নাকি অর্থ বিভাগের প্রধানকে বেছে নেবে পরিচালনা পর্ষদ?
কয়েকজন বিশ্লেষকের মতে, হুয়াংয়ের শূন্যস্থান পূরণের সবচেয়ে সহজ উপায় হতে পারে এমন কাউকে দায়িত্ব দেয়া, যিনি নিয়মিত ত্রৈমাসিক আর্থিক ফলাফল ঘোষণার সময় তার সঙ্গে উপস্থিত থাকেন। তিনি হলেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস।

৫৯ বছর বয়সী ক্রেস ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন। এর আগে মাইক্রোসফট, সিসকো এবং চিপ নির্মাতা প্রতিষ্ঠান টেক্সাস ইনস্ট্রুমেন্টসসহ প্রযুক্তি খাতের বড় বড় প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেছেন। সেমাফোরের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃত করে বলা হয়েছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য তাকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেয়ার পক্ষে।
বিনিয়োগ ও লেনদেনবিষয়ক প্ল্যাটফর্ম ইটোরোর প্রধান বিশ্লেষক জশ গিলবার্ট বলেন, ‘জাহাজকে স্থিতিশীল রাখতে কোলেট ক্রেসই সবচেয়ে স্বাভাবিক পছন্দ। তিনি ১৩ বছর ধরে প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন এবং প্রতিটি আয়-সংক্রান্ত সংবাদ সম্মেলনে হুয়াংয়ের সঙ্গে উপস্থিত থাকেন। ফলে বাজারের কাছে তিনি পরিচিত ও আস্থাভাজন একটি মুখ। বর্তমান পরিস্থিতিতে বাজারের এমন একজনকে খুব প্রয়োজন।’

তবে তিনি আরও বলেন, ‘স্থায়ীভাবে এই পদে নিয়োগ দেয়ার বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি তার প্রযুক্তি। তাই পরিচালনা পর্ষদ সম্ভবত একজন প্রকৌশলীকে এই পদে দেখতে চাইবে। ইয়ান বাকের মতো কাউকে অভ্যন্তরীণ প্রার্থী হিসেবে বিবেচনা করা স্বাভাবিক। এনভিডিয়ার চিপের সঙ্গে সফটওয়্যার নির্মাতাদের যুক্ত রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

২০০৪ সালে এনভিডিয়ায় যোগ দেওয়া প্রকৌশলী ইয়ান বাক প্রতিষ্ঠানটির চিপে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এনভিডিয়ার সিইউডিএ তৈরির কাজেও তিনি নেতৃত্ব দিয়েছেন। অত্যন্ত জটিল প্রযুক্তিগত সমস্যার সমাধানে তার দক্ষতা রয়েছে।
কে সিইও হবেন, তা-ই হোক না কেন, এনভিডিয়ার ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

বর্তমানে বাক এনভিডিয়ার হাইপারস্কেল এআই বিভাগের পণ্যপ্রধান হিসেবে কোম্পানিটির এআই হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্যের ব্যবস্থাপনা করছেন। ক্যালিফোর্নিয়াভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানটিতে যোগ দেয়ার আগে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার ভিত্তিতেই এআইকেন্দ্রিক সফটওয়্যার তৈরির কাজ এগিয়ে যায়।
ভবিষ্যৎ নিয়ে বাজি ধরার ওয়েবসাইট পলিমার্কেটের হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ হুয়াং পদত্যাগ করবেন অথবা তাকে সরিয়ে দেয়া হবে—এমন সম্ভাবনা দেখানো হয়েছে ৮৩ শতাংশ। তার উত্তরসূরি হিসেবে বাজির তালিকায় এগিয়ে রয়েছেন ইয়ান বাক। দ্বিতীয় অবস্থানে কোলেট ক্রেস। তবে এ বাজারে লেনদেনের পরিমাণ তুলনামূলকভাবে কম।