ক্যারিকের বিদায় এখন সময়ের অপেক্ষা

স্কাই স্পোর্টসের প্রতিবেদন

ক্যারিকের বিদায় এখন সময়ের অপেক্ষা

ফন্ট সাইজ:

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। মাইকেল ক্যারিকের উত্তরসূরি হিসেবে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে নিয়োগ দিতে নীতিগতভাবে মৌখিক সমঝোতায় পৌঁছেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। সবকিছু পরিকল্পনা মতো এগোলে শিগগিরিই ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে দেখা যেতে পারে সাবেক টটেনহ্যাম ও চেলসি কোচকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস।

বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ৫৪ বছর বয়সী পচেত্তিনো। ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি করলেও সেই চুক্তিতে রয়েছে ৭০ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ। ফলে তাকে ইউনাইটেডে আনতে এই অর্থ পরিশোধ করতে হতে পারে ক্লাবটিকে। তবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা বাকি। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের (ইউএস সকার) সঙ্গে চুক্তি থেকে অব্যাহতির বিষয়টি নিষ্পত্তি করার পাশাপাশি পচেত্তিনোর সহকারী কোচ ও অন্যান্য কোচিং স্টাফ নিয়েও আলোচনা করতে হবে ইউনাইটেডকে।

স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, চলমান আন্তর্জাতিক বিরতিতে হাইতির বিপক্ষে যুক্তরাষ্ট্রের দুটি ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন পচেত্তিনো। এরপরই তার রেড ডেভিলদের ডেরায় যোগ দেয়ার পথ আরও পরিষ্কার হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ফেডারেশনের সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলোচনা জোরদার করার পরিকল্পনা রয়েছে ইংলিশ ক্লাবটির।
অন্যদিকে, ক্যারিক এখনো আনুষ্ঠানিকভাবে ইউনাইটেডের কোচের দায়িত্বে রয়েছেন। বুধবারও দলকে অনুশীলন করান তিনি। তবে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সম্ভাবনা প্রবল। গত মাসে বোর্নমাউথের কাছে নিজেদের মাঠে ৩-০ গোলে হারের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বুধবার মোনাকোয় ক্লাবের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বৈঠকের পর সেই অনিশ্চয়তা আরও বেড়েছে।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বেরাদা, ফুটবল পরিচালক জেসন উইলকক্স এবং সহমালিক স্যার জিম র্যা টক্লিফ। দলের মৌসুমের শুরু, সাম্প্রতিক পারফরম্যান্স এবং কোচের ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।
পচেত্তিনোকে নিয়োগ দেয়ার পেছনে ইউনাইটেডের আগ্রহ অবশ্য নতুন নয়। এর আগেও অন্তত তিনবার তাকে ওল্ড ট্রাফোর্ডে আনার চেষ্টা করে ক্লাবটি। ২০২২ সালে তাকে নিয়োগ দেয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত এরিক টেন হাগকে বেছে নেয় ইউনাইটেড।

ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনেরও পচেত্তিনোর প্রতি বিশেষ শ্রদ্ধা ছিল। টটেনহ্যামের দায়িত্বে থাকার সময় ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হতো। ২০১৬ সালে লন্ডনের মেফেয়ার এলাকার একটি রেস্তরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর পচেত্তিনোর ইউনাইটেডের কোচ হওয়ার গুঞ্জন ছড়ায়।
স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দায়িত্ব উপভোগ করলেও ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দেয়া কঠিন মনে করছেন পচেত্তিনো। চেলসির দায়িত্ব ছাড়ার দুই বছর পর আবারও ইংলিশ ফুটবলে ফিরতে প্রস্তুত তিনি।
তবে পচেত্তিনো দায়িত্ব নিলেই রাতারাতি ইউনাইটেডের চেহারা বদলে যাবে, এমন নিশ্চয়তা নেই। নতুন ক্লাবে শুরুতে তার মানিয়ে নিতে সময় লাগেÑএমন বিশ্লেষণও উঠে এসেছে স্কাই স্পোর্টসের আলোচনায়।

সবকিছু ঠিক থাকলে ফার্গুসনের অবসরের পর ইউনাইটেডের অষ্টম স্থায়ী কোচ হতে যাচ্ছেন পচেত্তিনো। তার সম্ভাব্য প্রথম বড় পরীক্ষাগুলোর একটি হতে পারে ২২শে নভেম্বর লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে ম্যাচ।