ঢাকায় আসছেন জাতিসংঘের শিক্ষাবিষয়ক র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

ঢাকায় আসছেন জাতিসংঘের শিক্ষাবিষয়ক র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

ফন্ট সাইজ:

শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ দুই সপ্তাহের সফরে ঢাকায় আসছেন। আগামী ২৩ নভেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। সফরকালে দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক পরিস্থিতি, শিক্ষার মান, শিক্ষাপ্রতিষ্ঠানে সবার সমান সুযোগ এবং এ-সংক্রান্ত সরকারি নীতিমালা পর্যালোচনা করবেন জাতিসংঘের এই কর্মকর্তা। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে শরণার্থী শিশুদের শিক্ষার পরিস্থিতিও দেখার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, সরকারের আমন্ত্রণেই বাংলাদেশ সফরে আসছেন ফরিদা শহীদ। সফরকালে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ, শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ এবং বিদ্যমান নীতিমালার বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

সূত্র জানায়, আগামী ২০ নভেম্বর তার সফর নিয়ে একটি মিডিয়া অ্যাডভাইজরি দেয়া হবে। তবে নিরাপত্তা ও সফরসূচির বিষয় বিবেচনায় বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে না। শুধু তিনি কোন কোন শহর সফর করবেন, তা জানানো হবে।
সফর শেষে আগামী ৩ ডিসেম্বর বিকালে স্বীকৃত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের এই বিশেষজ্ঞ। সেখানে সফরকালে পাওয়া প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরবেন তিনি। সংবাদ সম্মেলনের সময় ও স্থান পরে জানানো হবে। ম্যান্ডেটের নিয়ম অনুযায়ী, সংবাদ সম্মেলনের আগে তিনি গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দেবেন না।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার পরিষদ নিযুক্ত স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে বিশেষ র‍্যাপোর্টিয়াররা বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট দেশ সফর শেষে তারা তাদের পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেন। ফরিদা শহীদের বাংলাদেশ সফরের পর্যবেক্ষণ ও সুপারিশ নিয়ে পরবর্তী সময়ে জাতিসংঘে প্রতিবেদন উপস্থাপন করা হতে পারে।