হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত থাকবে। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি এ কথা বলেছেন। মহাকাশ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় ওয়াহিদি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আজও সেই একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং মাটির তলদেশে দেশের শক্তি গড়ে তুলছেন।
তিনি আরও বলেন, শত্রুদের অবশ্যই জানতে হবে, শহীদ তেহরানি মোগাদ্দামের পথ হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথ এগিয়ে চলবে। এ ছাড়া আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান ওয়াহিদি। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বাহিনীর সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সূত্র আল জাজিরা।
