পাকিস্তানে পুলিশের ওপর ভয়াবহ হামলা, ডিএসপিসহ নিহত ১১

পাকিস্তানে পুলিশের ওপর ভয়াবহ হামলা, ডিএসপিসহ নিহত ১১

ফন্ট সাইজ:

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়া পুলিশের একটি দলের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উপ-পুলিশ সুপার (ডিএসপি) ও একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার দেশটির কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
এনিয়ে রেসকিউ ১১২২-এর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২ জন।
কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানান, অবৈধ খনির বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় কোহাট ও কারাকের মধ্যবর্তী দরবোকাচ জালান্দার বান্দা এলাকায় পুলিশের দলটি হামলার শিকার হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ের ওপর থেকে হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে হতাহতের পাশাপাশি পুলিশের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নওমান জেব নিহতদের মধ্যে গামবাটের উপ-পুলিশ সুপার হায়দার জামান ও সাব-ইন্সপেক্টর মুখতিয়ারকে শনাক্ত করেছেন। হামলার সময় পুলিশের পাঁচটি মোবাইল গাড়িতেও আগুন দেয়া হয়েছে।
পুলিশের মুখপাত্র জানান, হামলাকারীরা গুলি চালিয়ে যেতে থাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের গাড়ি পাঠানো হয়। হামলা মোকাবিলায় পুলিশের বড় একটি দলও মোতায়েন করা হয়েছে।

এদিকে, নিরাপত্তা জোরদার করতে ওই এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থলে আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। হামলার পর জেলা সদর টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
খাইবার-পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে তিনি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি পুলিশ কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।