ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আসন্ন ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে নারী উদ্যোক্তা ও ই-ক্যাব সদস্য হোসনে আরা নূরী নওরীন মনোনয়ন ফরম কিনতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার বুধবার ধানমন্ডিতে ই-ক্যাব কার্যালয়ের সামনে কয়েকজন নারী তাকে বাধা দেন এবং একপর্যায়ে তাকে ধরে ধানমন্ডি থানায় নিয়ে যান বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। ঘটনার সময় তার মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলা হয়। নওরীন এর আগে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন ফরম সংগ্রহ করতে সংগঠনটির কার্যালয়ে যান নওরীন। কিন্তু কার্যালয়ের সামনে পৌঁছানোর পরই তাকে বাধার মুখে পড়তে হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নারীরা যুবদলের কর্মী। এদিকে ঘটনার পর থেকে নওরীনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ই-ক্যাব নির্বাচনে প্রার্থী হওয়ার আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) গোপনে নওরীনের বিষয়ে প্রতিবেদন দিয়ে ছাড়পত্র দিয়েছিল।
ঘটনাটি ঘিরে ই-ক্যাবের সদস্য ও নারী উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে একজন সদস্যকে কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে পারে। কিন্তু নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়।
ই-ক্যাব দেশের ই-কমার্স উদ্যোক্তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠন। সংগঠনটির নেতৃত্ব নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে প্রত্যাশা রয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে-এমন প্রত্যাশাও উদ্যোক্তাদের। কিন্তু নির্বাচন শুরুর আগেই মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে এমন অভিযোগ পুরো নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ও অংশগ্রহণের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।
বিশেষ করে একজন নারী উদ্যোক্তার ক্ষেত্রে এমন ঘটনার অভিযোগ আরও উদ্বেগজনক। ব্যবসা ও প্রযুক্তিনির্ভর খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে। সেখানে একটি বাণিজ্য সংগঠনের নির্বাচনে অংশ নিতে গিয়ে কোনো নারী সদস্যকে বাধার মুখে পড়তে হলে তা নারী উদ্যোক্তাদের নেতৃত্বে আসার সুযোগ নিয়েও নেতিবাচক বার্তা দিতে পারে।
এখানে সামনে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নওরীনকে কারা থানায় নিয়ে গেলেন? কী কারণে তাকে সেখানে নেয়া হয়েছে? তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ ছিল কি না? পুলিশ কি কোনো আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে থানায় নিয়েছে, নাকি নির্বাচনী বিরোধের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে? এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার প্রত্যেক যোগ্য সদস্যের। কোনো প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে, চাপ সৃষ্টি করে কিংবা বাধা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে নওরীনের নিরাপত্তা, আইনি অধিকার এবং মনোনয়ন ফরম সংগ্রহ ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি উঠেছে।
এ ঘটনায় ই-ক্যাব নির্বাচন বোর্ড ও সংগঠনের দায়িত্বশীল নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন বোর্ডের। সেখানে কোনো সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়লে নির্বাচন বোর্ডের নীরব থাকার সুযোগ নেই।
সংশ্লিষ্টদের মতে, ই-ক্যাবের নির্বাচন যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের কাছে জিম্মি না হয়, তা নিশ্চিত করা জরুরি। অভিযোগের সুষ্ঠু তদন্ত, ঘটনার প্রকৃত কারণ প্রকাশ এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
কারণ, একটি বাণিজ্য সংগঠনের নির্বাচন শুধু নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নয়, এটি সদস্যদের গণতান্ত্রিক অধিকার ও সংগঠনের জবাবদিহিরও পরীক্ষা। সেই পরীক্ষার শুরুতেই যদি মনোনয়ন ফরম কিনতে গিয়ে একজন নারী উদ্যোক্তাকে থানায় যেতে হয়, তাহলে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে নওরীনকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তবে তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ রয়েছে কি না বা তাকে থানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ই-ক্যাব নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি গত ৬ নভেম্বর শুরু হয়, যার জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। আগামী ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
