সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর উপলক্ষ্যে ৭ দিনব্যাপী মহাপূনর্মিলনী

সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর উপলক্ষ্যে ৭ দিনব্যাপী মহাপূনর্মিলনী

ফন্ট সাইজ:

‘সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর (১৮৭৬-২০২৬)’ প্রতিপাদ্য এবং উই আর প্রাউড অফ আওয়ার ১৫০ ইয়ার্স হেরিটেজ স্লোগানকে সামনে রেখে আগামী ০৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বুয়েট খেলার মাঠে সপ্তাহব্যাপী বুয়েটের গৌরবময় ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপূনর্মিলনী উৎযাপিত হতে যাচ্ছে।
১১ নভেম্বর বুয়েটের কাউন্সিল ভবনের সেমিনার রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বর্ণাঢ্য উৎসবের বিস্তারিত কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক এবং বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ট্রেজারার প্রফেসর ডঃ মোহাম্মদ আব্দুল মোতালেব উপস্থিত গণমাধ্যমকর্মী ও অ্যালামনিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই মহাপূনর্মিলনীর মাধ্যমে অ্যালামনিদের এক দৃঢ় সেতুবন্ধন তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বক্তব্যে বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী আতিকুর রহমান ভূঁইয়া পিনু সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে ১৫০ বছর পূর্তির এই ঐতিহাসিক আয়োজনকে সফল করতে সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। এরপর ১৪তম মহাপূনর্মিলনী উৎযাপন কমিটির সদস্য-সচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান সপ্তাহব্যাপী উৎসবের বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেন এবং কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রউফ তাঁর বক্তব্যে আয়োজনের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ডঃ মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, “১৮৭৬ সালে সার্ভে স্কুল থেকে যাত্রা শুরু করে আজকের এই অবস্থানে আসতে বুয়েট দেশের প্রকৌশল ও প্রযুক্তি খাতে অনন্য ভূমিকা রেখেছে। এই উৎসব আমাদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।”
প্রধান অতিথির বক্তব্যে বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য প্রফেসর ডঃ একরামুল হক বলেন, “বুয়েটের ১৫০ বছর পূর্তি কেবল একটি বিশ্বব্যিালয়ের উৎসব নয়, বরং এটি বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ও জাতীয় উন্নয়নের এক ঐতিহাসিক মাইলফলক। দেশ ও বিদেশে কর্মরত আমাদের কৃতি অ্যালামনিদের এই মিলনমেলা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও বেগবান করবে।”
সভাপতির বক্তব্যে বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি প্রফেসর ড. আইনুন নিশাত বলেন, “নলগোলা থেকে পলাশী - বুয়েটের দেড়শ বছরের এই দীর্ঘ পথচলা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের। অ্যালামনিদের এই মহামিলন আমাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা দেবে।” পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবা জানিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নোত্তর পর্ব শেষে অডিওভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক লঞ্চিং করা হয়।
সংবাদ সম্মেলনে ঘোষিত মূল কর্মসূচিসমূহ হলো ১ম দিন (৬ জানুয়ারি ২০২৭, বুধবার): সকাল ৮টা থেকে বুয়েটের ৯টি হলে ‘হল-ডে প্রোগ্রাম’, আনন্দ র্যালি ও শহীদ মিনারে জমায়েত। পাশাপাশি ৬৩টি স্টল নিয়ে ইঞ্জিনিয়ারিং প্রডাক্ট ইনোভেশন ফেয়ার, জব ফেয়ার ও বুক ফেয়ারের উদ্বোধন, বিকালে ড. জামিলুর রেজা চৌধুরী ৫ম স্মারক বক্তৃতা এবং সন্ধ্যায় বুয়েট শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
২য় দিন (৭ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার): সকালে বুয়েটের গৌরবময় ১৫০ বছর পূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন ও বুয়েটের ইতিহাস ও অবদান বিষয়ক সেমিনার। বিকালে ‘আমার বুয়েট, আমার বুয়েট অ্যালামনাই: প্রত্যাশা, প্রাপ্তি ও পরামর্শ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা এবং সন্ধ্যায় অ্যালামনাই পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা।
৩য় দিন (৮ জানুয়ারি ২০২৭, শুক্রবার): ১৪তম মহাপূনর্মিলনী উৎযাপন, প্রামাণ্য ভিডিও প্রদর্শন, বুয়েটের কৃতিমান ১৫০ জন অ্যালামনাই নিয়ে আলোচনা, খেলাধুলা, পুরস্কার বিতরণী, ঐতিহাসিক বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে গ্র্যান্ড ডিনার।
৪র্থ দিন (৯ জানুয়ারি ২০২৭, শনিবার): সকালে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কর্মশালা ও সফল উদ্যোক্তাদের গল্প, বিকেলে ৫০ ও ৩০ বছর পূর্তিতে বুয়েট গ্র্যাজুয়েটদের বিশেষ সংবর্ধনা, বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে উদ্যোক্তা ও স্পনসরদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজ।
৫ম থেকে ৮ম দিন (১০-১৩ জানুয়ারি ২০২৭): মহাপূনর্মিলনীর অংশ হিসেবে অ্যালামনিদের জন্য তিনটি ঐচ্ছিক ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে -১) সুন্দরবন ভ্রমণ (১০-১৩ জানুয়ারি), ২) পদ্মা নদী ডে ক্রুজ (১০ জানুয়ারি) এবং ৩) গাজীপুরের সারাহ রিসোর্টে ডে ট্রিপ (১০ জানুয়ারি)। আগামী ১৩ জানুয়ারি ভোর ৬টায় সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, ৬ থেকে ৯ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রডাক্ট ইনোভেশন ও বুক ফেয়ার এবং ৬ ও ৭ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেজিস্ট্রেশন সামগ্রী বিতরণ ও জব ফেয়ার চলবে।