এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সুযোগ দিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে কমিশনের সেই অনুরোধ উপেক্ষা করেই ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে অনেক বিশ্ববিদ্যালয়। এরইমধ্যে ১২টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টাল কলেজ। ইউজিসি এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে ১লা জানুয়ারি থেকে আবেদন এবং ১লা ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা নেয়ার অনুরোধ জানিয়েছিল।
বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ই ডিসেম্বর আইবিএ, ১২ই ডিসেম্বর বিজ্ঞান, ১৯শে ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২শে ডিসেম্বর চারুকলা এবং ২৬শে ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১লা জানুয়ারি ‘এ’, ৮ই জানুয়ারি ‘ই’, ১৫ই জানুয়ারি ‘বি’, ২২শে জানুয়ারি ‘সি’ এবং ২৩শে জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটে পরীক্ষা হবে ১৬ই জানুয়ারি এবং কুয়েটে ৮ জানুয়ারি।
অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ১২, ১৩ ও ২০শে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ৪ ও ৫ই ফেব্রুয়ারি, এমআইএসটিতে ৫ ও ৬ই ফেব্রুয়ারি, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ৩০শে জানুয়ারি এবং শাবিপ্রবিতে ১৭ ও ১৮ই জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৯শে জানুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ১০ থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত পূর্বনির্ধারিত সূচি বহাল রয়েছে।
এদিকে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে এখনো এ সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশিত হয়নি।
ইউজিসির অনুরোধের পরও ভর্তি পরীক্ষা পেছাল না কয়েকটি বিশ্ববিদ্যালয়
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৮ মিনিট আগে
১১ নভেম্বর (বুধবার), ২০২৬, ৭ঃ৩৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
