জবিতে ককটেল বিস্ফোরণ

ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. রেজওয়ান আহম্মেদকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল রেজওয়ানকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে রেজওয়ানকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বয়স ২৪ বছর।

আদালতে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ও শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ড মঞ্জুরের
আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ই নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদে রেজওয়ান ঘটনায় এজাহারনামীয় অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের জড়িত থাকার কথা জানিয়েছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা এ বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে আটকের পর উত্তেজিত জনতা রেজওয়ানকে মারধর করে। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ানসহ এজাহারনামীয় অন্য আসামি এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।