গভীর রাতে হাসপাতালে নেয়ার পর ফের জেলে ইমরান খান

গভীর রাতে হাসপাতালে নেয়ার পর ফের জেলে ইমরান খান

ফন্ট সাইজ:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখ পরীক্ষা করা হয়েছে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস)। বুধবার এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তার রক্তচাপ নিয়ে কিছু সমস্যা ছিল। গত রাতে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেয়া হয়েছে।’

ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দেয়া দণ্ডগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সব স্থগিত হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

এসব বিষয়ে আপিল এখনো বিচারাধীন। ইমরান কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

গত আগস্টে হাসপাতালে নেয়ার পর চিকিৎসা অসমাপ্ত রেখেই তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছিল। এরপর এবারই প্রথম জানা গেল, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে এবং পরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে ইমরান খানের আইনজীবী দলকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তার স্ত্রীকেও সাক্ষাতের সুযোগ দিতে বলা হয়েছে বলে জানিয়েছে ইমরানের দল।
অন্যদিকে, তার দলের উপচেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।