গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৭৮ জনে দাঁড়ারো। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৭৮০ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, বরিশাল বিভাগে ২৪৯ জন, রাজশাহী বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, রংপুর বিভাগে ১০৬ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৩৫ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।
