সত্তরের ঘূর্ণিঝড়: ইতিহাসের ক্ষত, উপকূলের ন্যায্যতা

সত্তরের ঘূর্ণিঝড়: ইতিহাসের ক্ষত, উপকূলের ন্যায্যতা

ফন্ট সাইজ:

সত্তরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, শিল্প-সাহিত্য, স্বাধীনতার সংগ্রাম এবং জলবায়ু ন্যায়বিচারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এক ঐতিহাসিক অধ্যায়।
১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মুহূর্তেই তছনছ করে দেয় তৎকালীন পূর্ব পাকিস্তানের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। ভোলা, মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ অসংখ্য দ্বীপ ও চরাঞ্চল পরিণত হয় মৃত্যুপুরীতে। ঘরবাড়ি, ফসল, গবাদিপশু, স্বজন—সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন লাখো মানুষ। প্রাণহানির সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্নতা থাকলেও বহুল প্রচলিত হিসাবে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার স্বীকৃত হিসাব অনুযায়ী, প্রাণহানির সংখ্যা ছিল আনুমানিক ৩ থেকে ৫ লাখ। নথিভুক্ত ইতিহাসে এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। তবে এই বিপর্যয়ের তাৎপর্য কেবল প্রাণহানির পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের দায়বদ্ধতা, রাজনৈতিক বৈষম্য, আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা এবং একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা।

১৯৭০ সালের সেই বিপর্যয়ের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক গুরুত্ব পায়। রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো উপকূলের ধ্বংসযজ্ঞ, বিপুল প্রাণহানি এবং ত্রাণ কার্যক্রমের সীমাবদ্ধতার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরে। আন্তর্জাতিক গণমাধ্যমের এই প্রতিবেদনগুলো তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের দুর্দশা এবং কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে বিশ্বজনমতের আলোচনায় নিয়ে আসে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক অবহেলা ও বৈষম্যের বাস্তবতাও স্পষ্ট হয়ে ওঠে। এই ঐতিহাসিক বিপর্যয়কে শিল্পের ভাষায় অমর করে রেখেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। উপকূলের মানুষের অসহায়ত্ব ও প্রকৃতির ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে তাঁর শিল্পীসত্তা গভীরভাবে আলোড়িত হয়। সেই অভিজ্ঞতারই অনন্য প্রকাশ তাঁর ‘মনপুরা ৭০’ চিত্রকর্ম। ১৯৭০ সালে আঁকা প্রাথমিক স্কেচগুলো পরবর্তী সময়ে ১৯৭৩ সালে প্রায় ৯ দশমিক ৬ মিটার দীর্ঘ স্ক্রলচিত্রে রূপ পায়। এই শিল্পকর্মে শুধু মৃত মানুষের শরীর কিংবা বিধ্বস্ত জনপদের দৃশ্য নেই; আছে সভ্যতার বিবেকের কাছে এক গভীর প্রশ্ন। শিল্প এখানে নিছক সৌন্দর্য সৃষ্টির মাধ্যম নয়, বরং মানুষের দুঃখ, রাষ্ট্রের ব্যর্থতা ও সময়ের নির্মম বাস্তবতার সাক্ষ্য।

ঘূর্ণিঝড়-পরবর্তী সময়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের ব্যর্থতা পূর্ব বাংলার মানুষের ক্ষোভকে আরও তীব্র করে তোলে। এই পরিস্থিতিতে উপকূলের বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সোচ্চার হন। ১৯৭০ সালের ২৩ নভেম্বর ঢাকার পল্টন ময়দানের জনসভায় তাঁর ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ ছিল পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর প্রতি এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বিদায়বার্তা। তিনি স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবি উচ্চারণ করেন। এই বক্তব্য কেবল একজন রাজনৈতিক নেতার প্রতিবাদ ছিল না; এর মধ্যে প্রতিফলিত হয়েছিল বিপর্যস্ত মানুষের প্রতি রাষ্ট্রের অবহেলা এবং দীর্ঘদিনের বৈষম্যের বিরুদ্ধে বাঙালির আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা।

ঘূর্ণিঝড় এককভাবে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের কারণ ছিল না। ভাষা আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং নির্বাচনের রায় অস্বীকার—এসব ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের পথ তৈরি হয়েছিল। তবে ১২ নভেম্বরের বিপর্যয় এবং তৎকালীন শাসকগোষ্ঠীর উদাসীনতা পাকিস্তানি রাষ্ট্রব্যবস্থার বৈষম্যকে আরও প্রকট করে তোলে। বাঙালির রাজনৈতিক অধিকার ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি অন্যতম অনুঘটক হিসেবে কাজ করে। এই ঘূর্ণিঝড়ের মানবিক ও সামাজিক বাস্তবতা পরবর্তী সময়ে বাংলাদেশের চলচ্চিত্রেও বিশেষভাবে স্থান পেয়েছে। নির্মাতা আলমগীর কবিরের ১৯৭৭ সালের চলচ্চিত্র ‘সীমানা পেরিয়ে’ তার উল্লেখযোগ্য উদাহরণ। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটিতে প্রকৃতির ভয়াবহতার মুখে দুই ভিন্ন সামাজিক অবস্থানের মানুষের বেঁচে থাকার সংগ্রাম তুলে ধরা হয়েছে। এক নির্জন দ্বীপে আটকে পড়া একজন বিত্তশালী পরিবারের তরুণী ও একজন দরিদ্র তরুণের জীবনসংগ্রামের মধ্য দিয়ে চলচ্চিত্রটি সামাজিক শ্রেণিবিভাজন, মানবিক সম্পর্ক, সহমর্মিতা ও পারস্পরিক নির্ভরতার গভীর তাৎপর্য প্রকাশ করে। প্রকৃতির কাছে মানুষের সামাজিক পরিচয় ও শ্রেণিগত অহংকার কতটা অসহায়, চলচ্চিত্রটি সেই সত্যকে শিল্পিতভাবে তুলে ধরে।

আজ ৫৬ বছর পরও সত্তরের ঘূর্ণিঝড়ের ঐতিহাসিক শিক্ষা বাংলাদেশের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ভূমিক্ষয়, লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলের মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত ঝুঁকির মুখে ফেলছে। অথচ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে সবচেয়ে কম দায়ী জনগোষ্ঠীগুলোর অন্যতম বাংলাদেশের উপকূলবাসী। কিন্তু ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির বোঝা তাদেরই বহন করতে হচ্ছে সবচেয়ে বেশি।

এখানেই জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP31-এর প্রেক্ষাপটে বাংলাদেশের দাবি হওয়া উচিত জলবায়ু অভিযোজনের জন্য পর্যাপ্ত অনুদান, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা। ঋণের বোঝা নয়, ঐতিহাসিক দায়বদ্ধতার ভিত্তিতে উন্নত দেশগুলোর কাছ থেকে ন্যায্য সহায়তা নিশ্চিত করতে হবে। জলবায়ু অভিযোজন মানে শুধু বাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে নিরাপদ পানির নিশ্চয়তা, জলবায়ুসহিষ্ণু কৃষি, বিকল্প জীবিকা, উপকূলীয় বনায়ন, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ বসতি গড়ে তোলা। এসব উদ্যোগে উপকূলের মানুষের অভিজ্ঞতা, জ্ঞান ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে।

এই বাস্তবতায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করার দাবি একটি বিশেষ তাৎপর্য বহন করে। এটি কেবল একটি দিবস প্রতিষ্ঠার দাবি নয়; বরং লাখো মানুষের আত্মত্যাগের স্বীকৃতি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সংরক্ষণ এবং উপকূলবাসীর অধিকার প্রতিষ্ঠার জাতীয় অঙ্গীকার। দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হলে নতুন প্রজন্ম ১৯৭০ সালের বিপর্যয়ের ইতিহাস জানার পাশাপাশি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু অভিযোজন ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাবে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় আমাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাক্ষ্য রেখে গেছে—জয়নুল আবেদীনের তুলিতে মানুষের আর্তনাদ, মাওলানা ভাসানীর কণ্ঠে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং আলমগীর কবিরের চলচ্চিত্রে দুর্যোগের মধ্যেও মানবিক সম্পর্কের জয়গান। এই তিনটি অনুষঙ্গ আমাদের মনে করিয়ে দেয়, উপকূল কেবল ভৌগোলিক সীমারেখা নয়; এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও জাতীয় আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
১৯৫২-এর ভাষা আন্দোলন বাঙালির মহান স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিল, আর ১৯৭০-এর ভয়াল ঘূর্ণিঝড় পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও উদাসীনতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে। ঐতিহাসিকভাবে ’৫২ ও ’৭০ বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিকতায় গভীরভাবে সম্পৃক্ত। ’৫২-এর আত্মত্যাগের স্বীকৃতিতে আমরা পেয়েছি ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’; তেমনি ’৭০-এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের স্মৃতি ও উপকূলবাসীর অবদানকে ধারণ করে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ এবং আন্তর্জাতিক পরিসরে ‘বিশ্ব উপকূল দিবস’ হিসেবে প্রতিষ্ঠা করা সময়ের দাবি। বিশ্বের অন্যতম বৃহৎ বদ্বীপ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশ এ উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখার যৌক্তিক দাবিদার। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ১৯৭০ সালের এই ঘূর্ণিঝড়কে নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই ১২ নভেম্বর কেবল বাংলাদেশের নয়, বিশ্ব উপকূলের ইতিহাসেও একটি তাৎপর্যপূর্ণ দিন।

সত্তরের ঘূর্ণিঝড় তাই শুধু অতীতের একটি শোকাবহ ঘটনা নয়; এটি বর্তমানের জন্য শিক্ষা এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। ইতিহাসের কাছে আমাদের দায় শুধু নিহতদের স্মরণ করা নয়, উপকূলের মানুষের জীবন, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাও। ১২ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষিত হোক। এই স্বীকৃতি হোক ইতিহাসের প্রতি শ্রদ্ধা, উপকূলবাসীর প্রতি দায়বদ্ধতা এবং জলবায়ু ন্যায়বিচারের পক্ষে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার।

লেখক: উপকূল গবেষক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপকূল ফাউন্ডেশন।