রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে বৃটেনে এক অজ্ঞাত মার্কিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃটিশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে মঙ্গলবার ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্লুচেস্টারের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করা এবং সংরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ করার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, তাদের সন্ত্রাসবিরোধী বাহিনী মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশের সিনিয়র জাতীয় সমন্বয়কারী এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স জানান, এটি একটি গুরুত্বপূর্ণ গ্রেপ্তার ও তদন্ত। তিনি আরও জানান যে এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং তদন্ত চলমান রয়েছে।
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল একে একটি গুরুত্বপূর্ণ গ্রেপ্তার বলে উল্লেখ করেন। তিনি জানান, গুপ্তচরবৃত্তির এই অভিযোগগুলো যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের জন্য চরম উদ্বেগের বিষয়। প্যাটেল আরও জানান, যারা যুক্তরাষ্ট্রের প্রতি তাদের শপথ ভঙ্গ করে এবং যাদের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তা ও মিত্রদের বিপন্ন করে, এফবিআই তাদের বিন্দুমাত্র ছাড় দেয় না। মার্কিন সেনা কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল শন স্টিঞ্চন জানান, এই ঘটনা তাদের অংশীদারিত্বের শক্তি এবং কাউন্টার ইন্টেলিজেন্স সম্প্রদায়ের সংকল্প প্রমাণ করে। পুলিশ জানায়, কর্মকর্তারা গ্লুচেস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালাচ্ছেন এবং ওই ব্যক্তি লন্ডনের একটি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ আরও জানায়, এই গ্রেপ্তারের সাথে অন্যান্য সন্ত্রাসবিরোধী তদন্তের কোনো সম্পর্ক নেই। গত সেপ্টেম্বরে গ্লুচেস্টারের কাছে বৃটিশ রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে ইরানের সাথে যুক্ত সন্দেহভাজন চক্রান্তের সাথে এর কোনো যোগসূত্র নেই বলে পুলিশ ইঙ্গিত দিয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর অবস্থান রয়েছে। ওই হুমকির পর মার্কিন বিমানবাহিনী আরএএফ ফেয়ারফোর্ড থেকে তাদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছিল, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় ইরানে হামলা চালাতে ব্যবহৃত হয়েছিল।
