মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা হত্যা

মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়। ঘটনার পর অভিযুক্ত মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁক বা কবিরাজির সূত্রে মোবারকের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। পুলিশের দেওয়া তথ্য এবং আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, ঝাড়ফুঁকের কথা বলে সুমাইয়ার কক্ষে গিয়ে তাকে ধর্ষণ করেন মোবারক। এ সময় বিষয়টি তার মা তাহমিনা বেগম দেখে ফেললে প্রথমে তাকে এবং পরে সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর বাসা থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান তিনি।

পরে ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন মোবারক।