ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৭। বুধবার সকাল সাড়ে ৮ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মৃত দুই শিশুর বয়স ১০ মাস। তাদের মাঝে একজন ছেলে ও একজন মেয়ে শিশু রয়েছে। মেয়ে শিশুর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় এবং ছেলে শিশুর বাড়ি একই জেলার বাজিতপুর উপজেলায়।
হাসপাতালে হাম ও উপসর্গে হাসপাতালে ১৭২ শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ শিশু, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৬০ শিশু ও এই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন বলেন, ‘চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হওয়া শুরু করে। এই সময়ে হাম ও উপসর্গে মোট ৬ হাজার ১৮১ শিশু ভর্তি হয়েছে, ছাড়পত্র নিয়েছে ৫ হাজার ৯২২ শিশু, এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৮৭ শিশুর।’
