যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় নিখোঁজ ১১ মাস বয়সী এক ছেলে শিশুকে জীবন্ত উদ্ধার করেছে পুলিশ। তার বাবা তাকে কুকুর রাখার খাঁচায় ভরে মাটিচাপা দিয়েছিল। জরুরি তল্লাশির পর তাকে উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে এবিসি নিইজ।
লেক্সিংটন কাউন্টির শেরিফ জে কুন জানান, শিশু কোয়াহ শার্পকে মঙ্গলবার বিকেলে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সে প্রায় ২৪ ঘণ্টা ধরে সেখানে মাটিচাপা অবস্থায় ছিল। শেরিফ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, জঙ্গলের সামান্য গভীরে মাটির নিচে একটি কুকুর রাখার খাঁচায় তাকে তোয়ালে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করার সময় শিশুটি কাঁদছিল। সোমবার বিকেল থেকে কোয়াহ এবং তার ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারের খোঁজে তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ। কুন আরো জানান, শিশুটির মা একটি কাজে বাইরে যাওয়ার সময় বাবার কাছে তাকে রেখে গিয়েছিলেন। অন্য একজন কেয়ারগিভার ওই বাড়িতে আসার কথা ছিল। কিন্তু তিনি আসার আগেই বাবা ও ছেলে নিখোঁজ হয়ে যান।
সোমবার গভীর রাতে লেক্সিংটন কাউন্টির পুলিশ বেটসবার্গ-লিসভিল এলাকায় কোমারকে খুঁজে পায়। কিন্তু তখন কোয়াহর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে কোমারের বাবার বাড়ির কাছে জঙ্গলের প্রায় ৫০ গজ ভেতরে সদ্য খোঁড়া মাটির সন্ধান পান তারা। শেরিফ জানান, উদ্ধারকর্মীরা মাটি খুঁড়তে শুরু করলে কোয়াহর কান্নার শব্দ শুনতে পান। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। কুন জানান, তোয়ালেটি সম্ভবত বাতাস চলাচলের জন্য একটু জায়গা তৈরি করেছিল। সোমবার রাতে কোমারকে বেটসবার্গের একটি বাড়ির বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রথমে চুরি এবং গ্রেপ্তারে বাধা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আরও অভিযোগ গঠনের বিষয়ে কাজ করছে বলে শেরিফ জানান।
