হাইতির সবচেয়ে বড় গ্যাংয়ের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা এল সালভাদরের

হাইতির সবচেয়ে বড় গ্যাংয়ের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা এল সালভাদরের

ফন্ট সাইজ:

এল সালভাদরের সামরিক বাহিনী হাইতির অন্যতম বৃহৎ অপরাধী গ্যাং ‘৪০০ মাওজো’র সদরদপ্তর ধ্বংস করেছে। সেখানে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। গ্যাংটি অপহরণ এবং ভয় দেখানোর জন্য কুখ্যাত। মঙ্গলবার এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে হামলার ঘোষণা দেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উপকণ্ঠে একটি কম্পাউন্ডে স্থল ও বিমানযোগে এ হামলা চালানো হয়। চারজন নিখোঁজ সালভাদোরান টেকনিশিয়ানকে উদ্ধারের জন্য গত মাসে হাইতিতে দুই হাজারেরও বেশি সেনা মোতায়েন করার পর এটি এল সালভাদরের প্রথম সামরিক পদক্ষেপ। বুকেলে এক্সে দেয়া এক পোস্টে জানান, বেশিরভাগ গ্যাং সদস্যই লড়াই না করে পালিয়েছে। তিনি আরও জানান যে তারা গ্যাং লিডার লানমো সান জউয়ের বাড়ি এবং ‘৪০০ মাওজো’ গ্যাংয়ের সদরদপ্তর ধ্বংস করেছেন। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গ্যাংটির শক্ত ঘাঁটি ক্রোয়িক্স-ডেস-বউকুয়েটস শহরতলিতে একটি বড় কম্পাউন্ডে কয়েকটি হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে এবং গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যাচ্ছে।
বিভিন্ন গণমাধ্যম হামলায় ২০ জন নিহত হওয়ার খবর জানালেও কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। এছাড়া বাড়িটির কী পরিমাণ ক্ষতি হয়েছে তারও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। দ্য মায়ামি হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, গ্যাং লিডার উইলসন “লানমো সান জউ” জোসেফ সেসময় সেখানে ছিলেন না। একাধিক সূত্রের বরাতে তারা আরও জানায়, হাইতির ন্যাশনাল পুলিশের ড্রোন টাস্কফোর্স এই হামলায় অংশ নিয়েছিল এবং সালভাদোরান সেনারা তাদের সাহায্য করেছিল। এই হামলার পর হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-আইমে সালভাদোরান সামরিক বাহিনীর প্রশংসা করেন এবং জানান যে দুটি দেশ গ্যাং দমনের জন্য একসাথে কাজ চালিয়ে যাবে।

গত অক্টোবরে হাইতিতে কেনাকাটার সময় চারজন সালভাদোরান বিমানবাহিনীর টেকনিশিয়ানকে অপহরণ করা হয়েছিল। এরপরই গত মাসে হাইতিতে দুই হাজার সালভাদোরান সেনা পাঠানো হয়। নিখোঁজ এই চারজন জাতিসংঘ সমর্থিত গ্যাং সাপ্রেশন ফোর্সের (জিএসএফ) হয়ে কাজ করছিলেন। এল সালভাদরের ডানপন্থি প্রেসিডেন্ট বুকেলে এই নিখোঁজ ব্যক্তিদের জীবিত ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। হাইতিতে হাজার হাজার সালভাদোরান সেনা পাঠানোর পর সমালোচকরা তাদের কাজের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উভয় দেশকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

‘৪০০ মাওজো’ হাইতির সবচেয়ে বড় অপরাধী সংগঠন। তারা অপহরণ, চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র চোরাচালানের জন্য পরিচিত। আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি মূলত গ্যাংগুলোর নিয়ন্ত্রণেই রয়েছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে হাইতিতে গ্যাং বা গ্যাং বিরোধী অভিযানে অন্তত ৫ হাজার ৭০০ মানুষ নিহত বা আহত হয়েছেন। এল সালভাদর প্রেসিডেন্ট বুকেলের কঠোর পদক্ষেপে সেখানে গ্যাং সহিংসতা অনেক কমেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো তার এই পদক্ষেপগুলোকে বেআইনি বলে দাবি করে আসছে।