‘কথাটা বলার মুহূর্তেই বুঝেছিলাম, আমি বড় ভুল করেছি। ইশ, যদি মুখটা না খুলতাম।’ তৎকালীন পররাষ্ট্র সচিব এপি ভেঙ্কটেশ্বরনকে পদ থেকে সরানোর পর স্ত্রী সোনিয়া গান্ধীকে এ কথা বলেছিলেন ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। পরবর্তীতে কংগ্রেসের নেতৃত্ব দেয়া সোনিয়া গান্ধী তার স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ ভেঙ্কটেশ্বরনের বিদায় ঘিরে ওই ঘটনার বর্ণনা দিয়েছেন। হারপারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে বইটি। স্মৃতিকথায় সোনিয়া গান্ধী লিখেছেন, “মাঝেমধ্যে বিব্রতকর কিছু ঘটনা ঘটত। যেমন, একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রকাশ্যে বরখাস্ত করার ঘটনা। পাকিস্তান সফরের সময় তার পররাষ্ট্র সচিব প্রটোকল ভঙ্গ করেছেন এবং নিজের দায়িত্বের সীমা ছাড়িয়ে গেছেন- এ কথা জানতে পেরে তিনি (রাজীব) ক্ষুব্ধ হয়েছিলেন। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজীব হঠাৎ বলে বসেন, ‘শিগগিরই আপনারা নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলবেন।’ সেখানে উপস্থিত ওই কর্মকর্তাকে এভাবে সরাসরি বরখাস্ত করার ঘোষণা তীব্র বিতর্ক সৃষ্টি করে। কয়েক দিন ধরে রাজীবকে অহংকারী ও অসংবেদনশীল আচরণের জন্য সমালোচনার মুখে পড়তে হয়।”
সোনিয়া আরও লিখেছেন, আমি নিয়মিত সংবাদপত্র পড়তাম। তার কিংবা তার সরকারের বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য বা সম্পাদকীয় চোখে পড়লে মন খারাপ হতো। প্রায়ই তিনি ব্যাখ্যা করতেন, প্রকাশিত প্রতিবেদনটি বিকৃত করা হয়েছে, প্রকৃত ঘটনা থেকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। ওই ঘটনায় আমি তাকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ‘কথাটা বলার মুহূর্তেই বুঝেছিলাম, আমি বড় ভুল করেছি। ইশ, যদি মুখটা না খুলতাম।’
১৯৫৩ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র সেবা (আইএফএস) কর্মকর্তা ভেঙ্কটেশ্বরন ১৯৮৬ সালের ১লা এপ্রিল ভারতের পররাষ্ট্র সচিব হন। এর এক বছর পর, তার গৌরবময় কূটনৈতিক জীবনের ৩৫তম বছরে, তাকে অপমানজনকভাবে বিদায় নিতে হয়। রাজীব গান্ধী এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, শিগগিরই আপনারা নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী ও তার পররাষ্ট্র সচিবের পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ভেঙ্কটেশ্বরন বলেছিলেন, প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে যাবেন। কিন্তু রাজীব গান্ধী এমন কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেন। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভেঙ্কটেশ্বরন। তাকে প্রকাশ্যে অপমানিত করার পরপরই তিনি পদত্যাগপত্র জমা দেন।
কয়েক দশক পর রাহুল-রাজীব তুলনা: এর ২৬ বছর পর আবারও আলোচনায় আসে ভেঙ্কটেশ্বরনের বিদায়ের ঘটনা। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের একটি অধ্যাদেশ সংবাদ সম্মেলনে প্রতীকীভাবে ছিঁড়ে ফেলেছিলেন রাহুল গান্ধী। এ ঘটনায় সমালোচকরা বাবা রাজীব গান্ধীর সঙ্গে ছেলে রাহুলের ঘটনার তুলনা টানেন। দুই ঘটনার তুলনা সম্পর্কে ২০১৩ সালে ভেঙ্কটেশ্বরন বলেছিলেন, ইতিহাস প্রথমে ট্র্যাজেডি হিসেবে এবং পরে প্রহসন হিসেবে পুনরাবৃত্তি হয়। তিনি আরও বলেছিলেন, কবর খুঁড়ে পুরনো ঘটনা বের করা মোটেও সুখকর কাজ নয়। নিজের পদত্যাগের বিষয়ে সাবেক এই কূটনীতিক বলেন, আমার পদত্যাগ ছিল তাৎক্ষণিক ও স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। কারণ, আমি সব সময় বিশ্বাস করেছি, সম্মান ছাড়া জীবনযাপন আসলে বেঁচে থাকা নয়। আমার মনে হয়েছিল, রাজীব গান্ধীর বক্তব্য ছিল আমাকে অপমান করার একটি অহংকারী প্রচেষ্টা। অথচ সব তথ্যই আমার পক্ষে ছিল। যেমন, সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তার পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল।
ভারতীয় পররাষ্ট্র সেবা থেকে বিদায়ের পর বেঙ্গালোরে বসবাস শুরু করেন ভেঙ্কটেশ্বরন। সেখানে তিনি প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান এশিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে মারা যান সাবেক এই কূটনীতিক।
