‘উন্মাদনা অনেক হয়েছে, এখন জিততে হবে’

‘উন্মাদনা অনেক হয়েছে, এখন জিততে হবে’

ফন্ট সাইজ:

বাংলাদেশ ফুটবলের সমর্থকদের উন্মাদনা আর ভালোবাসা কেবল অনুপ্রেরণাই জোগায় না, দেশের মানুষের জন্য কিছু একটা করে দেয়ার তাগিদও অনুভব করেন হামজা চৌধুরী। সেই তাগিদ থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের এই তারকা। ২৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে ট্রফি দেশে ফেরানোর প্রত্যয় তার কণ্ঠে স্পষ্ট। হামজার ঘোষণা, ‘২৩ বছর ধরে আমরা চ্যাম্পিয়ন হইনি, এবার ট্রফিটা ঘরে আনতে চাই।’ সাফ চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে কথা বলেন হামজা। ভুটান ম্যাচে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে না পারা কিংবা স্ট্রাইকিং পজিশনের সমস্যা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। সতীর্থদের ওপর তার পূর্ণ আস্থা।

হামজার বিশ্বাস, দল যেভাবে সুযোগ তৈরি করছে, সেগুলো দ্রুতই গোলে পরিণত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না হামজা। তার চোখে, গত এক বছরে যথেষ্ট উন্নতি করেছে লঙ্কানরা। তবে বাংলাদেশেরও উন্নতি হয়েছে। তাই ম্যাচে প্রতিপক্ষের ওপরই বেশি চাপ থাকবে বলে মনে করেন তিনি। হামজা বলেন, ‘শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী একটি দল। আমার মনে হয় গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে উন্নতি আমরাও করেছি। ভুটানের সঙ্গে ম্যাচটি কঠিন ছিল, তবে আলহামদুলিল্লাহ্‌ আমরা জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। ওদের ওপরই বেশি চাপ থাকবে, কারণ ওদের ম্যাচ না হারার একটা তাগিদ রয়েছে। তাই আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি, দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী এবং ইনশাআল্লাহ্‌ কাল আমরাই জিতবো।’

বাংলাদেশে হামজাকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনাকে দলের সামগ্রিক অগ্রগতির অংশ হিসেবেই দেখেন তিনি। শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও ফাহমিদুল ইসলামের মতো ফুটবলারদের জাতীয় দলে যোগ দেয়ার সময়টাকে ‘পারফেক্ট টাইমিং’ মনে করছেন এই তারকা। তার মতে, ফুটবল পুরোপুরি দলীয় খেলা। ‘এটি আমার একার ব্যাপার নয়, পুরো দলের ব্যাপার। ধাপে ধাপে দল হিসেবে আমরা উন্নতি করছি’- বলেন হামজা। ইংল্যান্ডে খেলার সময়ও প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন তিনি। দেশের মানুষের সেই ভালোবাসার প্রতিদান দিতে চান সাফের ট্রফি জিতে। এদিকে, বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলে আপত্তি নেই হামজার। তবে নিজ থেকে নেতৃত্বের দাবি জানাতে চান না তিনি। কোচ চাইলে দায়িত্ব পালন করবেন, কিন্তু দলের অভিজ্ঞ ফুটবলারদের গুরুত্ব দেয়ার পক্ষেই তার অবস্থান। স্থায়ী অধিনায়কত্বের প্রস্তাব গ্রহণ করবেন কি না- এমন প্রশ্নে হামজা বলেন, ‘কোচ যদি চান আমি অধিনায়কত্ব করি, তবে আমি অবশ্যই করবো। তবে দলে আমার চেয়ে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, যারা বাংলাদেশের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন।

আমার মনে হয় তাদের সেই অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও সন্তুষ্ট হামজা। তার মতে, ব্যক্তিগত নেতৃত্বের চেয়ে দলের ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া বেশি জরুরি। ‘ড্রেসিংরুমে সবাই একই লক্ষ্যে ঐক্যবদ্ধ এবং পুরো দলের পরিবেশ একটি পরিবারের মতো, যা সবচেয়ে বড় বিষয়। দলের সিদ্ধান্ত যা-ই হোক, সেটাই চূড়ান্ত’- বলেন তিনি। শিরোপার স্বপ্ন, সতীর্থদের ওপর আস্থা আর দলের ঐক্য- সবমিলিয়ে সাফ নিয়ে আশাবাদী হামজা। এখন সেই আত্মবিশ্বাস মাঠে কাজে লাগিয়ে শ্রীলঙ্কাকে হারানোই বাংলাদেশের প্রথম লক্ষ্য।