লড়াইটা দুই দলের প্রবাসীদেরও

বাংলাদেশ-শ্রীলঙ্কা

লড়াইটা দুই দলের প্রবাসীদেরও

ফন্ট সাইজ:

দক্ষিণ এশিয়ার ফুটবলে এখন অন্যতম আলোচিত বিষয় বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলার। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১৮ জন প্রবাসী ফুটবলার নিয়ে এসেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ২৮ সদস্যের স্কোয়াডেও রয়েছেন ১১ জন। ফলে আগামীকাল ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে দুই দলের লড়াইয়ে বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে প্রবাসী ফুটবলারদের দ্বৈরথ। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে শেষ চারের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হবে, নাকি পাকিস্তানের? দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে কাকে প্রতিপক্ষ হিসেবে পেতে চাইবে বাংলাদেশ? অন্যদিকে, ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করে বিপাকে পড়েছে শ্রীলঙ্কা।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই তাদের। বাংলাদেশ এক পয়েন্ট পেলেই গ্রুপসেরা হবে। ফলে চাপটা থাকবে লঙ্কানদের ওপরই। শ্রীলঙ্কার সবচেয়ে বড় শক্তি তাদের প্রবাসী ফুটবলারদের বৈচিত্র্য। আক্রমণভাগে অন্যতম ভরসা ডিল্লন ডি সিলভা। অক্সফোর্ড সিটির এই উইঙ্গার জাতীয় দলের হয়ে ২১ ম্যাচে পাঁচ গোল করেছেন। ভুটান ম্যাচে বদলি হিসেবে নামলেও বাংলাদেশের রক্ষণে বিপদ তৈরি করতে পারেন তিনি। আরেক উইঙ্গার অলিভার কেলার্ট ভুটানের বিপক্ষে দলের দুই গোলেই অবদান রেখেছেন। সেন্টার ফরোয়ার্ড ওয়েড ডেকার খেলেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় স্তরের ক্লাব ডেনডিনং সিটিতে। ছয় ফুট উচ্চতার এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে করেছেন দু’টি গোল। মাঝমাঠে স্যাম ডুরান্ট খেলেন সাইপ্রাসের দ্বিতীয় স্তরে, রাহুল সুরেশ অস্ট্রেলিয়ার দ্বিতীয় স্তরে। রক্ষণে আছেন জার্মানির তৃতীয় স্তরের ক্লাব ভাল্ডহফ মানহাইমে খেলা ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার ক্লদিও কামার্ক কনেখট। অর্থাৎ প্রায় সব পজিশনেই প্রবাসী ফুটবলার রয়েছে শ্রীলঙ্কার। বাংলাদেশের শক্তির জায়গা অবশ্য মাঝমাঠ। সেখানে সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী।

সাবেক লেস্টার সিটি তারকা ভুটান ম্যাচে খেলতে না পারলেও সোমবার ঢাকায় এসে অনুশীলনে যোগ দিয়েছেন। সব ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে দেখা যাবে তাকে। তার সঙ্গে মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কানাডাপ্রবাসী শমিত সোম। রক্ষণে যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান আহমেদ ও ভুটানের পারো এফসিতে খেলা তারিক কাজীও বাংলাদেশের ভরসা। আছেন দীর্ঘদিন লাল-সবুজের জার্সিতে খেলা ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াও। তবে আক্রমণভাগে দুশ্চিন্তা রয়েছে বাংলাদেশের। ইনজুরিতে রোনান সুলিভান ছিটকে যাওয়ায় ভুটান ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে ‘নম্বর নাইন’ হিসেবে খেলিয়েছেন কোচ থমাস ডুলি। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডপ্রবাসী ফারহান আলী ওয়াহিদ হতে পারেন বিকল্প। সবশেষ ফিফা আসিয়ান কাপে অভিষেকের পাশাপাশি গোলও করেছেন এই লেফট উইঙ্গার। এ ছাড়া, ইতালিয়ান ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম ও মাহে খান রয়েছেন দলে। সংখ্যায় ও পজিশনভিত্তিক বিস্তৃতিতে শ্রীলঙ্কার প্রবাসী ফুটবলাররা এগিয়ে। তবে বাংলাদেশের বড় সম্পদ হামজা। সঙ্গে শমিত ও তারিকের মতো ফুটবলাররা দলকে শক্তি জোগাতে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অনুপ্রেরণা হতে পারে ভুটানের ম্যাচটিও। পেনাল্টি মিস না করলে সেদিন জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো ভুটান। শ্রীলঙ্কার শক্তি-দুর্বলতা কাছ থেকে দেখেছেন কোচ ডুলি। নিশ্চয়ই প্রতিপক্ষ বধের ছকও এঁকেছেন তিনি। গ্রুপসেরা হলে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান। তাই নির্ভার বাংলাদেশ চাইবে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে। অন্যদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি টিকে থাকার লড়াই। প্রবাসী ফুটবলারদের সংখ্যায় এগিয়ে থাকা লঙ্কানরা মাঠেও শ্রেষ্ঠত্ব দেখাতে পারে, নাকি হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশ জয় তুলে নেয়- সেটিই এখন দেখার অপেক্ষা। যদিও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দু’দলের ১৯ বারের সাক্ষাতে ১২ বার জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কা জিতেছে পাঁচ ম্যাচে। দু’টি ড্র হয়েছে। তবে দুই দলের সবশেষ সাক্ষাতে জিতেছে লঙ্কানরা। মাহেদ্রে রাজাপাকশে কাপে স্বাগতিকদের কাছে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে।