চলমান সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিংয়ে পক্ষপাতিত্ব ও অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রধান কোচ। এই প্রেক্ষাপটে বিষয়টি সাফের অভ্যন্তরীণ শৃঙ্খলা কমিটির (ডিসিপ্লিনারি কমিটি) মাধ্যমে তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। রোববার ম্যাচ শেষে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি এবং মালদ্বীপের কোচ ইস্তভান আরবানি রেফারিংয়ের নিম্নমান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। গ্রুপ পর্বে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না থাকা নিয়েও প্রশ্ন তোলেন আরবানি। তবে সাফের পক্ষ থেকে রেফারিদের প্রভাবিত করার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল।
সংবাদমাধ্যমকে পুরুষোত্তম কাট্টেল বলেন, ‘রেফারিদের প্রভাবিত করার মতো ভিত্তিহীন অভিযোগের কোনো মানে হয় না। আমরা কি রেফারিদের সঙ্গে কথা বলে নির্দেশ দিই? এর কি কোনো প্রমাণ আছে? যেভাবে শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশকে জড়িয়ে মন্তব্য করা হয়েছে, তা সদস্য দেশগুলোর প্রতিও অসংবেদনশীল।’ অভিযোগগুলো সাফের ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানোর কথা জানিয়ে কাট্টেল স্পষ্ট করেন, কোচদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- তা প্রশাসনের এখতিয়ারের বাইরে। এটি পুরোপুরি শৃঙ্খলা কমিটির ওপর নির্ভর করছে। গ্রুপ পর্বে ভিএআর প্রযুক্তি না রাখা প্রসঙ্গে কারিগরি জটিলতা ও খরচের কথা উল্লেখ করেন কাট্টেল।
তিনি জানান, তুলনামূলক সহজ সংস্করণ ‘ভিএআর লাইট’ ব্যবহার করলেও ম্যাচপ্রতি খরচ প্রায় ১০ হাজার মার্কিন ডলার। তবে কাঠামোগত নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সেমিফাইনাল থেকে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ভিএআর চালু করা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। ম্যাচে নিরপেক্ষতা নিশ্চিত করতে এবার দক্ষিণ এশিয়ার বাইরের রেফারিদের নিয়োগ দিয়েছে সাফ।
ওমান, ভিয়েতনামী, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার রেফারিরা প্রধান রেফারি হিসেবে এবং থাইল্যান্ড ও লাওসের অফিসিয়ালরা সহকারী হিসেবে কাজ করছেন। রেফারিদের সততা ও নিরপেক্ষতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘রেফারিং নিয়ে কোচদের এমন অসন্তোষ শুধু সাফে নয়, বিশ্ব ফুটবলের সব জায়গাতেই দেখা যায়।’
