১৯৯৮ সালে ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ২০১৯ বিশ্বকাপে ওভালে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডাগআউটেও ছিলেন তিনি। এবার সেই ডেল বেনকেনস্টাইনই আসছেন বাংলাদেশ দলের ব্যাটিং বিশেষজ্ঞ হয়ে। দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই টাইগারদের সঙ্গে কাজ শুরু করবেন সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেনকেনস্টাইনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে ইংলিশ কাউন্টি ক্লাব ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। বেনকেনস্টাইনের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ নয়। ১৯৯৮ সালে ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডে। করেছেন ৩০৫ রান, উইকেট নিয়েছেন চারটি। জ্যাক ক্যালিস, ল্যান্স ক্লুজনার ও শন পোলকের মতো তারকাদের ভিড়ে নিয়মিত জায়গা পাননি দলে। ২০০২ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষেই খেলেছেন শেষ ওয়ানডে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন মাত্র ২ রান, নিয়েছেন একটি উইকেট। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে বেনকেনস্টাইনের রেকর্ড সমৃদ্ধ। এই সংস্করণে ১৫ হাজার ৯৬২ রানের পাশাপাশি তার উইকেট ১০০টি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হন তিনি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ। ২০১৯ বিশ্বকাপে ওভালে বাংলাদেশের কাছে দক্ষিণ আফ্রিকার হারের ম্যাচে প্রোটিয়াদের ডাগআউটেও ছিলেন তিনি। জাতীয় দলের দায়িত্ব ছাড়াও ইংলিশ কাউন্টিতে হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের কোচিং স্টাফে কাজ করেছেন বেনকেনস্টাইন।
দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। তিন সংস্করণেই খেলবে দুই দল। ১৫ই নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ২৩শে নভেম্বর সেঞ্চুরিয়নে। এরপর হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। বাংলাদেশের কোচিং স্টাফে বেনকেনস্টাইনই একমাত্র দক্ষিণ আফ্রিকান নন। গত অক্টোবরে দুই বছরের চুক্তিতে সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মালিবোঙ্গে মাকেতা। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ডাগআউটে থাকবেন দুই প্রোটিয়া কোচ।
