টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম দশকে ইংল্যান্ডের মাটিতে দুই দফায় চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ দল। ২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি টাইগাররা। দীর্ঘ ১৭ বছর পর আবারো ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ২০২৭ সালের মে মাসে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে একটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তার আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। এই দুই টেস্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মুশফিকুর রহীম-তাওহীদ হৃদয়দের তিন অথবা চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও রয়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি হবে চেমসফোর্ডে। ইংলিশ কাউন্টি দল এসেক্সের ঘরের মাঠ এটি। ২০২৩ সালে এই মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের আয়োজক ছিল আইরিশরা। এই মাঠে ছয়টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ মাঠে গড়ালেও কোনো টেস্ট ম্যাচ হয়নি। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচটি দিয়ে টেস্ট ক্রিকেটের মানচিত্রে নাম লেখাতে পারে চেমসফোর্ড। বাংলাদেশের কাছে মাঠটি স্মৃতি বিজড়িতও বটে। ১৯৯৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর দু’টি হয়েছে মিরপুরে, একটি সিলেটে। অর্থাৎ আইরিশদের বিপক্ষে প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট খেলতে নামবে টাইগাররা। এরপর আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিসিবি।
সেই আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে। ইংল্যান্ডের মাটিতে যাওয়ার আগে অবশ্য ঘরের মাঠে ইংলিশদের আতিথ্য দেবে বাংলাদেশ। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে দু’টি টেস্ট খেলবে ইংল্যান্ড। অর্থাৎ আগামী বছর দুই দেশই একে অপরের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে ১০টি টেস্ট ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। অন্যদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সবক’টিতে জিতেছে টাইগাররা। ২০১০ সালে লর্ডস টেস্টে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন ওপেনার তামিম ইকবাল। ১৬ বছর পর সেই তামিম রয়েছেন বিসিবি’র সভাপতি পদে। এটাই বলে দেয়, ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশের অপেক্ষাটা কতো দীর্ঘ ছিল।
