হাম উপসর্গে আরও ৫ প্রাণহানি

ফন্ট সাইজ:

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ শিশু। এর মধ্যে হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৭ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ জনে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন। মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৪ জনে। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।