২৩ বছর আগে সাফের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ২১ বছর ফাইনালেও উঠতে পারেনি তারা। ঘরের মাঠে এবারের সাফে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দলের মূল ভরসা হামজা চৌধুরী জানালেন, এবারের আসরে তারাই ফেভারিট।
প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের একমাত্র গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। গ্রুপের পরের ম্যাচে ভুটান-শ্রীলঙ্কা ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই সেমি নিশ্চিত হয়েছে লাল-সবুজদের। লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা এখন তাই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের।
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন না হামজা। গতকাল ঢাকায় পা রেখেই নেমে পড়েছেন অনুশীলনে। আজও শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে নিজেকে ঝালিয়ে নিলেন হামজা।
অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হামজা। সেখানে তার কাছে প্রশ্ন ছিল, কোন দলকে ফেভারিট মানছেন। হামজা অকপটে জানালেন, বাংলাদেশই ফেভারিট, ‘আশা করি আমরাই এবার শিরোপা জিতব। বাংলাদেশই এখন ফেভারিট। আমরা এমনটাই ভাবতে চাই।‘
ভুটানের বিপক্ষে ম্যাচের ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়েছিলেন অধিনায়ক তপু। তার জায়গায় নেতৃত্ব দেন জামাল। পরের ম্যাচে কি হামজার হাতে দেখা যাবে আর্মব্যান্ড?
হামজা জানালেন, ‘কোচ যদি আমাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন, অবশ্যই সেটা গ্রহণ করব। তবে আমার চেয়েও এই দলে অভিজ্ঞ ফুটবলার আছেন। যারা দেশের হয়ে প্রায় একশ ম্যাচ খেলেছেন। তাই নেতৃত্বটা আমার কাছে মূল ব্যাপার নয়। দলের মধ্যে বন্ধনটাই বেশি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তই আসল।‘
