রাজধানীর ধানমন্ডি-৩২ নাম্বারে দু’টি অবিস্ফোরিত ককটেল ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি-৩২ নাম্বার এলাকায় শেখ মুজিবের বাড়ির সামনে ককটেল ও চিঠি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশে দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ধানমন্ডি-৩২ নাম্বারের স্থানটি ঘিরে রাখে। ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এসে উদ্ধার করে নিয়ে যায়।
একই সময়ে সিটি কলেজের পাশে ককটেল দু’টির খবর পায় পুলিশ। এরপর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটে খবর দিলে তারা ১২টা ৫০ মিনিটে এসে ককটেল দু’টি উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধানমণ্ডি-৩২ ও সিটি কলেজ এলাকায় মোট ৪টি ককটেল উদ্ধার হয়েছে। চিরকুটের বিষয়ে তিনি বলেন, ওটা একটা কাগজ পেয়েছি। সেখানে লেখা ছিল, জয় বাংলা। প্রজন্ম-৭১।
