চলতি মাসেও কমছে না দেশের ডেঙ্গুর প্রকোপ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগের ১ জন রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জন রোগী দেশের আটটি বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। বিভাগভিত্তিক হিসাবে রাজশাহীতে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ১৯৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মহানগরের ৩৬৭ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৪৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন রোগী।
এর আগে ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মৃত্যু হয়েছিল ৪১৩ জন।
