প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের পরদিন থেকেই কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এর আগে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রিন সরকার হিসেবে জনগণের কাছে সমাদৃত। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আগেই তিনি ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তার উদ্যোগের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি তার প্রতিশ্রুতি রক্ষার কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে বিশ্ব উষ্ণায়ন দিন দিন বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মানবজাতি আজ বিপন্ন অবস্থার মুখোমুখি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ সম্মেলনে যোগদান একটি উল্লেখযোগ্য ঘটনা। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অংশ নিচ্ছেন। বিশ্বে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কীভাবে কমানো যায়, সে বিষয়ে বিশ্বনেতারা আলোচনা করবেন। পাশাপাশি বিশেষজ্ঞরাও তাদের মতামত তুলে ধরবেন। এসব আলোচনার মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিজভী বলেন, আমাদের সুন্দর এই পৃথিবীকে বাঁচাতে হবে। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীকে রক্ষা করে বসবাসের উপযোগী করে তুলতে হবে। আগের পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এ সম্মেলন যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
রুহুল কবির রিজভী ছাড়াও প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।
