কপ৩১-এ বাংলাদেশ: কৌশলগত জলবায়ু কূটনীতির অন্বেষণ

কাউসার মুমিনের লেখা

কপ৩১-এ বাংলাদেশ: কৌশলগত জলবায়ু কূটনীতির অন্বেষণ

ফন্ট সাইজ:

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন এ বছর ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন বাংলাদেশের সামনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। এই সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা একটি দেশ হিসেবে বাংলাদেশ তার অবস্থানকে আন্তর্জাতিক আলোচনায় আরও কার্যকর প্রভাব ও দর-কষাকষির সক্ষমতায় পরিণত করার সুযোগ পাবে। বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ কেবল আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি আদায় নয়; বরং এসব প্রতিশ্রুতির মাধ্যমে নিশ্চিত ও পূর্বানুমান যোগ্য অর্থায়ন, সহজলভ্য প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পরিমাপযোগ্য সুরক্ষা নিশ্চিত করা। তাই বাংলাদেশের আলোচনার কৌশলে জলবায়ু ন্যায়বিচার, অনুদান ভিত্তিক অর্থায়ন, অভিযোজন, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং কৌশলগত বহুপাক্ষিক কূটনীতির সমন্বয় থাকা জরুরি।

বাংলাদেশের সরকারি অবস্থানে অনুদান ভিত্তিক জলবায়ু অর্থায়নকে কপ৩১-এ বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের বক্তব্য হলো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য অর্থায়ন করতে গিয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়ানো উচিত নয়। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু তহবিলে অর্থপ্রাপ্তির জটিল প্রক্রিয়া সহজ করা, প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং জাতীয় জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে অধিকতর সহযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। সরকার আরও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও জলবায়ু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে যেন দেশের জাতীয় অবস্থান পত্র প্রস্তুত করা হয়।

জলবায়ু অর্থায়ন: নতুন ঋণ নয়, অনুদান
বাংলাদেশের আলোচনার অবস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পর্যাপ্ত, পূর্বানুমান যোগ্য এবং সহজলভ্য অনুদান ভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি। এর ভিত্তিতে রয়েছে জলবায়ু ন্যায়বিচারের একটি মৌলিক যুক্তি: যেসব দেশ ঐতিহাসিকভাবে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তুলনামূলকভাবে সামান্য অবদান রেখেছে, তাদের এমন একটি সংকটের জন্য অসমানুপাতিক আর্থিক মূল্য বহন করতে বাধ্য করা উচিত নয়, যে সংকট সৃষ্টিতে তাদের দায় সীমিত।

বাংলাদেশের উচিত প্যারিস চুক্তির ৯ নম্বর অনুচ্ছেদের কার্যকর বাস্তবায়নের দাবি আরও জোরালো করা। বিশেষ করে, জলবায়ু পরিবর্তন প্রশমন এবং অভিযোজনের জন্য উন্নত দেশগুলো কর্তৃক উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সম্পদ সরবরাহের বাধ্যবাধকতার ওপর গুরুত্ব দেওয়া। একই সঙ্গে নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্যমাত্রার আওতায় একটি বিশ্বাসযোগ্য অর্থায়ন কাঠামো প্রতিষ্ঠার দাবি জানানো প্রয়োজন। এ ক্ষেত্রে অতিরিক্ত সরকারি অর্থায়ন, অনুদান ভিত্তিক সহায়তা এবং বহুপাক্ষিক জলবায়ু তহবিলে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, জলবায়ু অর্থায়নের মূল্যায়ন শুধু ঘোষিত প্রতিশ্রুতির ভিত্তিতে করা উচিত নয়; বরং বাস্তবে কত অর্থ ছাড় হয়েছে, তা কতটা সহজলভ্য এবং উন্নয়নে কী ধরনের প্রভাব ফেলেছে, সেগুলোও বিবেচনায় নিতে হবে। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের কত অংশ ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়া হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছ প্রতিবেদন এবং বহু বছরের পূর্বানুমান যোগ্য অর্থায়ন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি বাংলাদেশের তোলা উচিত।

আন্তর্জাতিক স্বীকৃতি থেকে স্থানীয় সুরক্ষা
জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও লোকসান বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। দেশটি নিয়মিত ঘূর্ণিঝড়, নদীভাঙন, বন্যা, লবণাক্ততার বিস্তার, বাস্তুচ্যুতি এবং ক্রমবর্ধমান তীব্র তাপ প্রবাহের মুখোমুখি হচ্ছে। এসব দুর্যোগ শুধু অর্থনৈতিক ক্ষতিই সৃষ্টি করে না; বরং সাংস্কৃতিক ঐতিহ্য, জীবিকা, সামাজিক বন্ধন এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করে।

সরকারি অবস্থানে ক্ষয়ক্ষতি মোকাবিলায় তহবিল শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য দ্রুত, সহজলভ্য এবং অনুদান ভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বাস্তুচ্যুতি ও জীবিকা ধ্বংসের মতো অ-অর্থনৈতিক ক্ষতিকেও এ ক্ষেত্রে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

ক্লাইমেট চেঞ্জ সাময়িকীতে ২০২৬ সালে প্রকাশিত হেমন্ত ওঝা এবং তাঁর সহগবেষকদের একটি গবেষণায় বাংলাদেশ, নেপাল ও ভানুয়াতুর জলবায়ু পরিবর্তনের সম্মুখ সারিতে থাকা জনগোষ্ঠীর অভিজ্ঞতার ভিত্তিতে দেখানো হয়েছে, কেন ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থায়নকে স্বল্পমেয়াদি দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং পরিকল্পিত পুনর্বাসন, জীবিকার রূপান্তর, সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুদ্ধার এবং জেন্ডার-সংবেদনশীল উদ্যোগের মাধ্যমে কাঠামোগত ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন করতে হবে। গবেষকেরা সম্পদ বণ্টনে স্থানীয় জনগোষ্ঠীর মালিকানা, ন্যায্যতা ও জবাবদিহির ওপরও গুরুত্ব দিয়েছেন।

তাই বাংলাদেশের উচিত সহজতর সরাসরি অর্থপ্রাপ্তির ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে দ্রুত অর্থ ছাড় এবং স্থানীয় পর্যায়ে পরিচালিত পুনরুদ্ধার কর্মসূচির দাবি তোলা। বিশেষ করে নারী, ক্ষুদ্র কৃষক, মৎস্যজীবী এবং বাস্তুচ্যুত পরিবারসহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে অর্থায়নের অগ্রাধিকার নির্ধারণে কার্যকর অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

অভিযোজন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা
বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা আন্তর্জাতিক অর্থায়নকে দেশের অভ্যন্তরীণ জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ কাঠামো। কপ৩১-এ ঢাকার উচিত উপকূলীয় অঞ্চল, হাওর, নদী বেষ্টিত চরাঞ্চল এবং খরাপ্রবণ জেলা গুলোতে অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের দাবি জানানো।

সরকারের ঘোষিত অগ্রাধিকার গুলোর মধ্যে রয়েছে পানি, খাদ্য, স্বাস্থ্য ও জীবিকার নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন কার্যক্রম। এসব অগ্রাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেবল অবকাঠামো নির্মাণের মাধ্যমে জলবায়ু সহনশীলতা অর্জন সম্ভব নয়। জনস্বাস্থ্য, কৃষি উৎপাদনশীলতা, নিরাপদ মিঠা পানির প্রাপ্যতা, জলবায়ু সহনশীল আবাসন এবং জনগোষ্ঠী ভিত্তিক দুর্যোগ প্রস্তুতিতেও বিনিয়োগ বাড়াতে হবে।

সরকারের উচিত জেলা পর্যায়ের জলবায়ু ঝুঁকি মূল্যায়ন এবং স্বচ্ছ পর্যবেক্ষণ ব্যবস্থার ভিত্তিতে পরিমাপযোগ্য অভিযোজন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। এর ফলে কেন্দ্রীয়ভাবে পরিচালিত প্রকল্পে অর্থের অতিরিক্ত কেন্দ্রীভবনের পরিবর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে আন্তর্জাতিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা সহজ হবে।

সামাজিক অন্তর্ভুক্তি বজায় রেখে উন্নয়ন
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের পথে অগ্রযাত্রা দেশের অর্থনৈতিক ও কর্মসংস্থান সংক্রান্ত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। সরকার নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পরিচ্ছন্ন শিল্প ও পরিবহনব্যবস্থা এবং সাশ্রয়ী জলবায়ু সহনশীল প্রযুক্তিকে আলোচনার গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি শ্রমিকের অধিকার, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং নারী ও তরুণদের জন্য শোভন কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশের রপ্তানিমুখী উৎপাদন অর্থনীতির জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাশ্রয়ী প্রযুক্তি, স্বল্পসুদে বা অনুদান ভিত্তিক সহায়তা এবং পর্যাপ্ত রূপান্তর কালীন সময়ের ব্যবস্থা না থাকলে কার্বন নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা ও জলবায়ু-সম্পর্কিত বাণিজ্যিক বিধিনিষেধ শিল্প খাতে অতিরিক্ত ব্যয় সৃষ্টি করতে পারে। বিশেষ করে তৈরি পোশাকশিল্প এ ধরনের চাপের মুখে পড়তে পারে।

অতএব, ন্যায্য জ্বালানি রূপান্তর বলতে শুধু জ্বালানির উৎস পরিবর্তন বোঝায় না। এর সঙ্গে শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা, কারিগরি প্রশিক্ষণের সম্প্রসারণ এবং উদীয়মান সবুজ শিল্পে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাও জড়িত।

একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি, কর্মসংস্থান ও শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে অসমানুপাতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন একতরফা জলবায়ু-সম্পর্কিত বাণিজ্যিক পদক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের সহযোগিতা চাওয়া উচিত।

কৌশলগত জলবায়ু কূটনীতি
বাংলাদেশের কূটনৈতিক প্রভাব অনেকাংশে নির্ভর করে কার্যকর আন্তর্জাতিক জোট গড়ে তোলার সক্ষমতার ওপর। স্বল্পোন্নত দেশসমূহের গোষ্ঠী বা এলডিসি গ্রূপ, 'জি-৭৭ ও চীন' এবং অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা সম্মিলিত দর-কষাকষির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

২০২৬ সালে বিজ জার্নালে-এ প্রকাশিত এক গবেষণায় ক্লাইমেট ভালনারেবল ফোরাম-এর মাধ্যমে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখানো হয়েছে, কীভাবে বাংলাদেশ তার জলবায়ুগত ঝুঁকিকে কূটনৈতিক গ্রহণযোগ্যতা এবং সম্মিলিত আন্তর্জাতিক প্রভাব বিস্তারের সক্ষমতায় রূপান্তর করতে পারে।

একইভাবে, ২০২৫ সালে 'দ্য জাহাঙ্গীরনগর রিভিউ' তে এক গবেষণায় বাংলাদেশের জলবায়ু কূটনীতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা, দাতা-নির্ভরতা এবং ভূরাজনৈতিক প্রতিবন্ধকতাকে চলমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঢাকার উচিত এসব গবেষণার সুপারিশকে কাজে লাগিয়ে কারিগরি আলোচনার সক্ষমতা বৃদ্ধি, অভিন্ন অবস্থান সমন্বয় এবং প্রচলিত উন্নয়ন সহায়তার বাইরেও নতুন অংশীদারত্ব গড়ে তোলা। জাপান, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদারের সঙ্গে সহযোগিতা নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু-সম্পর্কিত বিনিয়োগে সহায়ক হতে পারে—তবে তা বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসন অক্ষুণ্ণ রেখেই করতে হবে।

একই সঙ্গে বড় নিঃসরণকারী দেশগুলোর সঙ্গে গঠনমূলক কূটনৈতিক সম্পৃক্ততা বজায় রেখে ন্যায্যতা, ঐতিহাসিক দায়বদ্ধতা এবং জাতীয় সক্ষমতার পথে বিঘ্ন সৃষ্টিকারী নীতি গুলো ধারাবাহিকভাবে তুলে ধরতে হবে।

আন্তর্জাতিক অঙ্গীকার থেকে দেশের অভ্যন্তরে বাস্তব ফলাফল
কার্যকর অভ্যন্তরীণ প্রতিষ্ঠান ছাড়া আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুফল সীমিত থেকে যাবে। বাংলাদেশের উচিত জলবায়ু বাজেট বরাদ্দ, প্রকল্প নির্বাচন, ক্রয় প্রক্রিয়া এবং বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি শক্তিশালী করা। স্বাধীন পর্যবেক্ষণ, সংসদীয় তদারকি, জনসমক্ষে তথ্য প্রকাশ এবং জনগোষ্ঠীর অংশগ্রহণকে জলবায়ু অর্থায়নে পরিচালিত প্রকল্প গুলোর অবিচ্ছেদ্য অংশ করতে হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স–বাংলাদেশ-এর প্রস্তাবিত নীতিগত সুপারিশ এ ক্ষেত্রে পরিপূরক দৃষ্টিভঙ্গি প্রদান করে। জবাবদিহি, সহজলভ্য অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, পরিবেশগত সুরক্ষা, জেন্ডার সমতা এবং অধিকারভিত্তিক ন্যায্য জ্বালানি রূপান্তরের ওপর তাদের গুরুত্ব বাংলাদেশের জাতীয় জলবায়ু নীতির বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হতে পারে। তবে এসব নাগরিক সমাজের সুপারিশকে সরকারের নিজস্ব আলোচনা পত্রের সঙ্গে এক করে দেখা উচিত নয়; বরং নীতি বাস্তবায়নে সহায়ক প্রস্তাব হিসেবে বিবেচনা করা উচিত।

বাংলাদেশের উচিত প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় কার্বন বাজার ব্যবস্থার পরিবেশগত অখণ্ডতা রক্ষা করা। পাশাপাশি নিশ্চিত করতে হবে, কার্বন ক্রেডিট যেন দেশের অভ্যন্তরে প্রকৃত নিঃসরণ হ্রাসের বিকল্প হয়ে না দাঁড়ায়; বরং এ প্রচেষ্টাকে পরিপূরক ভাবে সহায়তা করে।

জলবায়ু ঝুঁকি থেকে কৌশলগত প্রভাব
কপ৩১ বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হওয়া উচিত—যেখানে শুধু জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরা নয়, বরং সেই অবস্থানকে কাজে লাগিয়ে কৌশলগত আন্তর্জাতিক প্রভাব বিস্তার করা হবে। অনুদান ভিত্তিক অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় শক্তিশালী ব্যবস্থা, অভিযোজন সহায়তা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবি জলবায়ু ন্যায়বিচার ও বাংলাদেশের জাতীয় উন্নয়ন স্বার্থ—উভয়ের ভিত্তিতেই প্রতিষ্ঠিত।

বাংলাদেশের কার্যকর কৌশল হওয়া উচিত নীতিগত অবস্থানের দৃঢ়তার সঙ্গে বাস্তবসম্মত প্রস্তাবের সমন্বয়: পরিমাপযোগ্য অর্থায়ন অঙ্গীকার, জলবায়ু তহবিলে সরাসরি প্রবেশাধিকার, স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন, শ্রমিক কেন্দ্রিক জ্বালানি রূপান্তর নীতি এবং দেশের অভ্যন্তরে স্বচ্ছ বাস্তবায়ন ব্যবস্থা। স্বল্পোন্নত দেশসমূহের গোষ্ঠী, জি-৭৭ এবং অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করার পাশাপাশি বৃহৎ অর্থনীতির দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখতে পারলে বাংলাদেশ তার কূটনৈতিক দর-কষাকষির সক্ষমতা আরও বাড়াতে পারবে।

পরিশেষে, কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতগুলো আন্তর্জাতিক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে, শুধু তার ভিত্তিতে পরিমাপ করা উচিত নয়। বরং প্রকৃতপক্ষে কত অর্থ পাওয়া গেছে, জলবায়ু সহনশীলতা কতটা শক্তিশালী হয়েছে এবং মানুষের জীবন ও জীবিকা কতটা সুরক্ষিত হয়েছে—সেটিই হবে সাফল্যের প্রকৃত মাপকাঠি। ক্লাইমেট জাস্টিস বা জলবায়ু ন্যায়বিচারকে উন্নয়নের কার্যকর হাতিয়ারে পরিণত করতে হবে এবং জলবায়ু কূটনীতিকে এমন বাস্তব ফলাফল নিশ্চিত করতে হবে, যা বৈশ্বিক উষ্ণায়নের সম্মুখ সারিতে থাকা মানুষের জীবনে প্রত্যক্ষ পরিবর্তন আনবে।