উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বৃটিশ রাজপরিবারের সদস্য সোফি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বৃটিশ রাজপরিবারের সদস্য সোফি

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বৃটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন। পরে বিভিন্ন ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন।

সফরকালে সোফি ক্যাম্প-১৮ এর ব্লক-বি এলাকায় নারীবান্ধব কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ, সহিংসতা প্রতিরোধ এবং নারীদের নেতৃত্ব বিকাশে পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ক্যাম্প-২০ এ একটি সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন তিনি।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অনুরোধে আয়োজিত এ সফরে ডাচেস অব এডিনবরা আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরে রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি এবং বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় চলমান উদ্যোগগুলো গুরুত্ব পাবে।

এর আগে ২০১৭ সালেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশ সফর করেছিলেন সোফি। দীর্ঘ বিরতির পর তার এবারের সফরকে রোহিঙ্গা সংকটের মানবিক দিক এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি নতুন করে গুরুত্ব পাওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

তার সফরকে কেন্দ্র করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।