আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সদিচ্ছা নেই উল্লেখ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘আইনগতভাবে তার আর আপিল করার কোনো সুযোগ নেই; ফলে বর্তমানে তার রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত ও পলাতক থাকায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেয়ারও কোনো আইনগত এখতিয়ার নেই।’
মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর কথা বলেন।
লন্ডনভিত্তিক চেম্বারের পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’ লন্ডনভিত্তিক আইনজীবী চেম্বার ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ কর্তৃক ভারতীয় দূতাবাসে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদনের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘যেহেতু শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত এবং তিনি নিজে সরকারের কাছে কোনো আবেদন করেননি, তাই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই বিষয়টি হাস্যকর বলেই প্রতীয়মান হয়।’
তিনি প্রশ্ন তোলেন, লন্ডনভিত্তিক যে চেম্বার আবেদন করেছে, তাদের ক্লায়েন্ট থাকেন ভারতে আর আইনজীবী লন্ডনে। ক্লায়েন্টের সঙ্গে তাদের কোনো আইনি চুক্তি (লিগ্যাল এগ্রিমেন্ট) হয়েছে কি না বা তার কপি আছে কি না, তা স্পষ্ট নয়। কোনো এগ্রিমেন্ট ছাড়া একটি ল’ চেম্বার ক্লায়েন্ট দাবি করে কীভাবে পাসপোর্টের আবেদন করতে পারে—আইনে এমন কোনো সুযোগ নেই।
এছাড়া শেখ হাসিনা ভারতে আছেন কি না, সে বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দলিলপত্র পায়নি জানিয়ে তিনি বলেন, ‘ভারত সরকারের ভাষ্যমতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে। তিনি যদি ফিরতে চান, তবে ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে। কিন্তু তিনি আজ পর্যন্ত লিখিতভাবে কিছু জানিয়েছেন বলে জানা নেই।’
দেশে ফেরার সদিচ্ছা ও রাজনৈতিক অপতৎপরতা চিফ প্রসিকিউটর বলেন, ‘‘শেখ হাসিনার কোনো ভার্চুয়াল বক্তব্য পাওয়া যায়নি; যেসব অডিও ছড়ানো হয় সেগুলো আদৌ তার কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাকে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করে বা দলের ভেস্টেড কোয়ার্টারের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখার বিষয়।’’
তিনি স্পষ্ট করে বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার কখনোই কোনো সদিচ্ছা ছিল না এবং এখনো নেই। সদিচ্ছা থাকলে তিনি বিচারাধীন অবস্থায় এসে মামলা মোকাবেলা করতেন কিংবা রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে এসে আপিল করতেন। তা না করে কখনো বলা হচ্ছে তিনি হঠাৎ ঢুকে পড়বেন, কখনো ৩০টি চার্টার্ড বিমানে আসার কথা বলা হচ্ছে, আবার কখনো সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে আসবেন। এসব মিথ্যা বক্তব্যে অনুপ্রাণিত হয়ে দলের কিছু অবুঝ বা নির্বোধ কর্মী রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।’
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যদি সত্যিই আসতে চান, তবে পায়ে হেঁটে, উড়োজাহাজে বা ট্রাভেল পাসের মশকরা না করে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন, যেন প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এটিই হবে একমাত্র সঠিক পন্থা। যেখানে ১৪০০ মানুষকে হত্যা ও প্রায় ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে, সেখানে আপনি নেতাকর্মীদের বিপদে ফেলে নিরাপদে পালিয়েছেন। নেতাকর্মীদের আর বিপদে ফেলার অপতৎপরতা চালালে তা দলগতভাবে আরেকটি ভুল হবে। আর আসার বিষয়ে যে তৎপরতা দেখানো হচ্ছে, তা নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি।’
আপিলের সময়সীমা ও মৃত্যুদণ্ড কার্যকরের আইনি ব্যাখ্যা শেখ হাসিনার আইনি সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এর সেকশন ২১(৩) অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর কোনো আপিল দায়ের করার সুযোগ থাকে না। যেহেতু এটি একটি ‘স্পেশাল ল’, তাই তামাদি আইনের ২৯(২) ধারা অনুযায়ী এই আইনের ক্ষেত্রে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। ফলে ৩০ দিন পার হওয়ার পর আপিল সরাসরি তামাদি বা বার্ড হয়ে যায়। সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায়ও তিনি কোনো প্রতিকার পাবেন না। একইভাবে মাওলানা আবুল কালাম আজাদ আউট অব টাইম আপিল করায় তার আপিলও বার্ড হয়ে গেছে, যা আদালতে বিচারাধীন।’
পাসপোর্ট অর্ডার ও সাংবিধানিক বিধান বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর উদ্ধৃতি দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আর্টিকেল ৬: কোনো ব্যক্তি পাসপোর্ট চাওয়ার আগের ৫ বছরের মধ্যে যদি ন্যূনতম ২ বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন, তবে পাসপোর্ট কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট দিতে পারবে না।
আর্টিকেল ৭: নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যায়। মানবতাবিরোধী অপরাধ একটি মারাত্মক নৈতিক স্খলনজনিত অপরাধ।’
ধারা ৬ (এ, বি, সি, ই): আদালতের কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা আসামির পক্ষে পাসপোর্ট ইস্যু করার কোনো এখতিয়ার কর্তৃপক্ষের নেই। শেখ হাসিনা বিচার এড়িয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ও পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের চলাফেরার ও দেশে প্রবেশের অধিকার পলাতক বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৩ সালের সংবিধানের ৪৭ অনুচ্ছেদের সংশোধনী দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে প্রটেকশন দেয়া হয়েছে। সেখানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচন করতে পারবেন না এবং ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদের রিট সুবিধাও পাবেন না। ফলে দণ্ডপ্রাপ্ত ও পলাতক থাকা অবস্থায় তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেয়ার কোনো আইনি সুযোগ নেই এবং তা দেয়া হলে বিচারের সঙ্গে মশকরার শামিল হবে।’
সবশেষে সোশ্যাল মিডিয়ায় ভিউ ব্যবসা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ট্রাইব্যুনাল বা বিচারব্যবস্থাকে নিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত না থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
