গভীর রাতে পদ্মা সেতুর কাছে অবরোধ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

গভীর রাতে পদ্মা সেতুর কাছে অবরোধ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

শরীয়তপুরের জাজিরায় নানা স্লোগান দিয়ে লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার কাছে অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে পদ্মা দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, লগি-বৈঠা হাতে একদল মানুষ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন।

এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়ে মানুষ। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভিডিওতে গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। যদিও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। টোলপ্লাজায় কর্মরতরা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় আধাঘণ্টা ধরে এ অবরোধ চলে। এতে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এদিকে অবরোধকারীরা জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন।

পদ্মা দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম বলেন, ‘হামলাকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’