ফেনীতে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে তালা, কাগজে ধর্মঘটের ঘোষণা

ফেনীতে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে তালা, কাগজে ধর্মঘটের ঘোষণা

ফন্ট সাইজ:

ফেনীতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে রাতের আঁধারে তালা লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এসময় একটি চিরকুট ঝুলিয়ে দেয়া হয়, তাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাম লেখা। প্রতিষ্ঠানগুলো হলো ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ফেনী গিরীশ অক্ষয় একাডেমি (জিএ একাডেমি)।

সোমবার রাতে (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তালা লাগানোর একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা কয়েকজন ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে ছাপানো কাগজ সাঁটিয়ে দিচ্ছেন। কাগজে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ছাত্র ধর্মঘট সফল হোক, সার্থক হোক’। এর নিচে লেখা ছিল ‘ফেনী জেলা ছাত্রলীগ’।

ভিডিওতে ফেনী সরকারি কলেজের প্রধান ফটকে দুজনকে চেইন দিয়ে তালা লাগাতে দেখা যায়। একইভাবে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও শহরের ফেনী গিরীশ অক্ষয় একাডেমির প্রধান ফটকেও তালা লাগানোর দৃশ্য দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, তালা লাগানোর বিষয়টি তিনি অবগত নন। মঙ্গলবার (আজ) সকালে কলেজের কার্যক্রম শুরু হওয়ার সময় প্রধান ফটকে এমন কিছু ছিল না। কলেজের কোনো শিক্ষক বা কর্মচারীও বিষয়টি জানাননি। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিষয়ে কলেজ প্রশাসন সচেতন রয়েছে। অনৈতিক কোনো কার্যক্রম চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে।
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহেদুল কবির জানান, বিষয়টি ইতোমধ্যে তাদের নজরে এসেছে। দায়িত্বে থাকা ব্যক্তি জানিয়েছেন, প্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে কিছু লেখা কাগজ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পরে পুলিশ এসে তথ্য নিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়ে তারা সচেতন রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ফটকের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।

এদিকে ঘটনাটির নিন্দা জানিয়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক বলেন, রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ড করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিজেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়া সংগঠন গুপ্ত হয়ে গেছে। তিনি বলেন, নতুন করে কোনো ষড়যন্ত্র ফেনীর মানুষ মেনে নেবে না।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে বিষয়টি পুলিশের নজরে এসেছে। কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘটনায় অভিযোগ করা হয়নি। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা এড়াতে পুলিশের গোয়েন্দা তৎপরতা রয়েছে।