টানা অসন্তোষের কয়েক দিনের বিরতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত দুই পোশাকশ্রমিক আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে শিল্পাঞ্চলে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দেন। তবে শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয় ও স্টারলিং স্টাইলসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা দাবি আদায়ে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিভিন্ন স্থানে থেমে থেমে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত দুই শ্রমিক হলেন—আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তারা দু’জনই স্টারলিং স্টাইলের শ্রমিক বলে জানা গেছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, ‘দুজন পোশাক শ্রমিক আঘাতজনিত ইনজুরি নিয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।’
এদিকে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কয়েক প্লাটুন বিজিবি সদস্যও মোতায়েন রয়েছেন। কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় অবস্থিত নিউএইজ গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে এসব কারখানা বন্ধ থাকবে।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শিল্প পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
