বুকার পুরস্কার জিতলেন সাই-ফাই লেখক এম. জন হ্যারিসন

বুকার পুরস্কার জিতলেন সাই-ফাই লেখক এম. জন হ্যারিসন

ফন্ট সাইজ:

বৃটিশ লেখক এম. জন হ্যারিসন ২০২৬ সালের বুকার পুরস্কার জিতেছেন। এটি কথাসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত। ৮১ বছর বয়সে তিনি এই সম্মান পেলেন। এর মাধ্যমে তিনি এই পুরস্কার পাওয়া সবচেয়ে বয়স্ক লেখক হয়ে উঠেছেন। সোমবার লন্ডনের ওল্ড বিলিংসগেটে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

হ্যারিসন পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড বা ৬৭ হাজার ডলার (প্রায় ৮৩ লাখ ৬ হাজার ৬৬০ টাকা) পাবেন। ইতিহাসবিদ মেরি বেয়ার্ডের সভাপতিত্বে এই বছরের বিচারক প্যানেলে ছিলেন লেখক রেমন্ড অ্যান্ট্রোবাস ও প্যাট্রিসিয়া লকউড, সমালোচক রেবেকা লিউ এবং বৃটিশ ব্যান্ড পাল্পের গায়ক জার্ভিস ককার। হ্যারিসনের পুরস্কারজয়ী ‘দ্য এন্ড অফ এভরিথিং’ একটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক উপন্যাস। এর কাহিনী অদূর ভবিষ্যতে ইংল্যান্ডের উপকূলীয় শহর ডালস্টন-অন-সিতে আইগেটি নামের এক রহস্যময় ভিনগ্রহী প্রাণীর দখলের সময়কালের। এই প্রাণীদের উৎপত্তির বিষয়ে অনেক কিছুই অস্পষ্ট। তবে লেখক বিবিসি রেডিওকে জানান, ২০০৮ সালের আর্থিক সংকট তাকে এই উপন্যাসের প্লট তৈরিতে উৎসাহিত করেছিল। ১৯৮ পৃষ্ঠার এই বইটি সংক্ষিপ্ত তালিকার ছয়টি বইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল।

পুরস্কার ঘোষণার আগে বিচারকরা জানান, এই বইটিকে থ্রিলার, রহস্য, স্যাটায়ার, ডিস্টোপিয়া বা বাস্তববাদের কাজ হিসেবে পড়া যেতে পারে। হ্যারিসন ৫০ বছরেরও বেশি সময় ধরে কল্পবিজ্ঞান উপন্যাস লিখছেন। তার এই জয়কে বুকার পুরস্কারের ইতিহাসে কোনো কল্পবিজ্ঞান উপন্যাসের প্রথম জয় হিসেবে বিবেচনা করা যেতে পারে। তিনি ১৯৭১ সালে ‘ভিরকোনিয়াম’ সিরিজ শুরু করেন এবং ১৯৮৪ সাল পর্যন্ত এটি নিয়ে কাজ করেন। এছাড়া ২০০২ থেকে ২০১২ সালের মধ্যে তিনি ‘কেফাহুচি ট্র্যাক্ট’ ট্রিলজি সম্পন্ন করেন। এবারই প্রথমবারের মতো তিনি বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। পুরস্কার গ্রহণ করে হ্যারিসন জানান, তিনি শেষ পর্যন্ত নিজেকে একজন প্রকৃত লেখক বলে মনে করছেন, যদিও তার আত্মবিশ্বাসের বেশ অভাব রয়েছে।

এ বছর বুকারের সংক্ষিপ্ত তালিকায় ছিলো মারলন জেমসের ‘দ্য ডিজঅ্যাপিয়ারার্স’ এবং স্টুয়ার্টের ‘জন অফ জন’ ছাড়াও এই তালিকায় ছিল লুক কেনার্ডের ‘ব্ল্যাক ব্যাগ’, এলিজাবেথ স্ট্রাউটের ‘দ্য থিংস উই নেভার সে’ এবং রেবেকা পেরির ‘মে উই ফিড দ্য কিং’। গত সেপ্টেম্বরে ১৬৩টি বই থেকে ১৩টি বইয়ের দীর্ঘ তালিকা এবং পরে ৬টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। ১৯৬৯ সালে চালু হওয়া বুকার পুরস্কার প্রথমে শুধু বৃটেন, আয়ারল্যান্ড বা কমনওয়েলথ দেশগুলোর লেখকদের জন্য উন্মুক্ত ছিল। ২০১৪ সাল থেকে এটি যেকোনো জাতীয়তার ইংরেজি ভাষার লেখকদের জন্য উন্মুক্ত করা হয়।