সৌদি নেতৃত্বাধীন জোট রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ার মধ্যে এ ঘটনা ঘটেছে মঙ্গলবার। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি রাজধানী লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
এর আগে রিয়াদের জন্য আগাম সতর্কতা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। পরে জোট ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করে। এরপর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, হুমকি কেটে গেছে। অন্য এক বিবৃতিতে জোট জানায়, দক্ষিণ সৌদি আরব লক্ষ্য করে হুতিদের ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এর আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আভা ও খামিস মুশাইতের জন্য সতর্কতা জারি করেছিল। পরে ওই এলাকাগুলোতে বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয়া হয়। ইয়েমেনের সঙ্গে সীমান্ত থাকা দক্ষিণ সৌদি আরব বারবার হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো। সূত্র রয়টার্স
