ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্রকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্রকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া নামের একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সৃষ্ট তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত অন্তত ৬৩ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে ওই মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের। ইউসুফ ও খাইরুলের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন ধোঁয়ার মধ্যে আটকা পড়ে শ্বাস নেওয়ার ফলে তাদের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় মোট ৬৩ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৩টা ৪০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।