রাজধানী ঢাকায় সন্ধ্যার পর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর ও উত্তরার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি মেট্রো স্টেশনের নিচে ককটেল ভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে।ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ফার্মগেটে বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জ্বলন্ত ওই বাস থেকে ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়ায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে আতঙ্কিত হয়ে স্টেশনের ভেতরে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এদিন সন্ধ্যায় উত্তরা শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। একই সময় পোস্তাগোলা ব্রিজের ওপর দুটি গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
