দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তিনি এ আবেদন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে শেখ হাসিনার এই আবেদন সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত কিনা, তা নিয়ে প্রশ্নের মুখে কোনো জবাব দেননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের বিষয়টি জানতে চাওয়া হয়।
এক সাংবাদিক জানতে চান, দেশে ফেরার বিকল্প হিসেবে শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকার অবগত কিনা? আবেদনটি নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে? জবাবে পররাষ্ট্র সচিব বলেন, আমরা শুধু সম্মেলনসংক্রান্ত প্রশ্নের উত্তর দেব।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। বার্তা সংস্থাটির হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, তিনি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেন।
তবে শেখ হাসিনার আবেদনের বিষয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান কী, কিংবা এ নিয়ে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের আনাতালিয়ায়। সেখানে যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
