ডিআরইউতে বিতর্ক প্রতিযোগিতা শুরু ১৪ই নভেম্বর

ডিআরইউতে বিতর্ক প্রতিযোগিতা শুরু ১৪ই নভেম্বর

ফন্ট সাইজ:

সাংবাদিকদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও মুক্তবুদ্ধির চর্চা বাড়াতে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ ডিবেটিং ক্লাবের উদ্যোগে এবং ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) সহযোগিতায় এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
রোববার রাজধানীর ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরইউর সিনিয়র সদস্য আশীষ কুমার দে, ডিআরইউ ডিবেটিং ক্লাবের সদস্য সচিব শেখ মো. আরীফ, নির্বাহী সদস্য কাজী শহীদুল আলম, ডিআরইউ সদস্য মোস্তফা মল্লিক, রাশেদ রাব্বী, মনির হোসেন, প্রতীক এজাজ ও সুশান্ত কুমার সিনহা।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক ও ডিবেটিং ক্লাবের নির্বাহী সদস্য নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া।
প্রতিযোগিতায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের মোট ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম, বাংলাদেশ এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম ও রিপোর্টার্স এগেইনস্ট করাপশন।

আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় সনাতনী পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিতর্ক মানুষকে বহুমাত্রিক চিন্তা করতে সহযোগিতা করে। চিন্তার প্রসারতা ও যুক্তিনির্ভর সমাজ গঠনে বিতর্কের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি ডিআরইউ ডিবেটিং ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, সাংবাদিকরা সব সময়ই বিতর্কের মধ্য দিয়ে কাজ করেন। কোনো প্রসঙ্গ সামনে এলেই তা ক্রসচেক করে সংবাদ পরিবেশন করতে হয়। ডিআরইউ ডিবেটিং ক্লাবের এ উদ্যোগ সদস্যদের চিন্তার জগৎকে আরও বিস্তৃত করবে বলে তিনি বিশ্বাস করেন।

মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউর সদস্যদের মধ্যে অনেক ভালো বিতার্কিক রয়েছেন, যাঁদের কেউ কেউ দেশসেরাও। প্রথমবারের মতো আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা উপভোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।