কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে পদুয়ার বাজার বিশ্বরোডের নূরজাহান হোটেলের হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে সদর দক্ষিণ উপজেলার সকল ইউনিয়ন এবং কুমিল্লা মহানগরের ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মহানগর বিএনপির সদস্য সোহেল মজুমদার, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, গলিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান মজুমদার, আমান উল্লাহ মজুমদার, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী গিয়াসউদ্দিন, উপজেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন, খোরশেদ আলম আবাদ, ছাত্রদল নেতা মাসুদ রানা ও তোয়া ফরাজি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং আশির দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তোখড় ছাত্রনেতা ড. শাহ মো. সেলিম।
আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি ড. শাহ মো. সেলিম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওই সময় দেশের রাজনৈতিক অস্থিরতা ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকটের মধ্যে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে এই দিনটি বিএনপির রাজনৈতিক ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিশেষ গুরুত্ব লাভ করে।
তিনি বলেন, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে। স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আলোচনায় দিনটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা এবং আশির দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির স্মৃতিও তুলে ধরেন।
এ সময় ড. শাহ মো. সেলিম কুমিল্লার উন্নয়ন ও বিএনপিকে সংগঠিত করতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর হাতকে আরও শক্তিশালী করতে কুমিল্লা ৬ আসনের সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্য বক্তারাও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং কুমিল্লা মহানগরের ৯টি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সভাটি বৃহৎ পরিসরের রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।
কুমিল্লা সদর দক্ষিণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
৮ নভেম্বর (রবিবার), ২০২৬, ৬ঃ৫৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
