খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।’ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৫ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা ও আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
‘কৃষকরা বিক্রি করতে চাইলে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টনের বেশি ধান কিনবে, সেই ব্যবস্থা রাখা হয়েছে’—উল্লেখ করেন তিনি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আমন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর শুরু হবে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর ও ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।’
