প্রেস সেক্রেটারির পদে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ডানা হোয়াইটের

প্রেস সেক্রেটারির পদে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ডানা হোয়াইটের

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ডানা হোয়াইটকে প্রস্তাব দিয়েছেন। তবে ইউএফসি প্রধান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে একটি সূত্র জানায়। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ডানা হোয়াইটকে একজন ‘হিংস্র যোদ্ধা ও লড়াকু’ হিসেবে অভিহিত করেন। তিনি তাকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদের প্রস্তাব দেয়ার কথা জানান।

ট্রাম্প তার পোস্টে ডানা হোয়াইটকে সহকারী হিসেবে ছয়জন ইউএফসি যোদ্ধাকে সাথে নিয়ে আসার আহ্বান জানান। তিনি লেখেন, উন্মাদ বামপন্থিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের এই মানুষগুলোকে দরকার। ডানা হোয়াইটের মতো প্রেস সেক্রেটারি আর কেউ হবে না উল্লেখ করে ট্রাম্প তাকে এই দায়িত্ব নেয়ার অনুরোধ জানান। এক কর্মকর্তা ট্রাম্পের এই প্রস্তাবকে নিছক কৌতুক বলে দাবি করেছেন। তবে ক্যারোলিন লেভিট এবং কেটি জাকারিয়ার বিদায়ের পর ট্রাম্প নতুন প্রেস সেক্রেটারির সন্ধান চালিয়ে যাচ্ছেন। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট দলের কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তদন্ত করার প্রতিশ্রুতির পর এই পদটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শনিবার হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং ট্রাম্পের পোস্টটি শেয়ার করে হোয়াইটকে দায়িত্ব নেয়ার উৎসাহ দেন। এ বিষয়ে হোয়াইট হাউস ও ইউএফসির মন্তব্য জানতে চেয়েছিল সিএনএন। তবে শনিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট এই প্রস্তাবের বিষয়ে সরাসরি কোনো উত্তর দেয়া থেকে বিরত থাকেন। তিনি শুধু জানান, সোমবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সাথে তার দেখা করার কথা রয়েছে। উল্লেখ্য, একটি মাত্র গোলযোগপূর্ণ ব্রিফিংয়ের পরই ট্রাম্প কেটি জাকারিয়াকে বরখাস্ত করেন, যা তাকে ইতিহাসের সবচেয়ে স্বল্প মেয়াদের প্রেস সেক্রেটারিতে পরিণত করেছে। এর আগে গত আগস্টে ক্যারোলিন লেভিট পরিবারকে সময় দেয়ার কথা বলে পদত্যাগ করেছিলেন। এদিকে ট্রাম্প তার প্রশাসনে আরও রদবদলের ইঙ্গিত দিয়েছেন। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান যে, তিনি প্রশাসনে আরও কিছু পরিবর্তন আনতে পারেন।