বাংলাদেশের জন্য যেটা ভালো, আমরা সেটাই করব: প্রতিমন্ত্রী

বাংলাদেশের জন্য যেটা ভালো, আমরা সেটাই করব: প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি। তিনি বলেন, দেশকে জনগণের কল্যাণমুখী করে গড়ে তুলতে হলে নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আজকের এই দিনের অঙ্গীকার হোক দেশ ও মানুষের জন্য কাজ করা।

মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। বাংলাদেশের জন্য যেটা ভালো, আমরা সেটাই করব। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিকেল ৫টায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সভাস্থল থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।