ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হওয়ার পর নানা দাবিতে বিক্ষোভ করছেন অটোরিকশা ও ইজিবাইক চালকরা। বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করেছেন তারা। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তারা ভিআইপি সড়কে ইউটার্ন দেয়ার দাবি জানান। একইসঙ্গে পুলিশের হয়রানি ও ডাম্পিং বন্ধ করার বিরুদ্ধে কথা বলেন।
মানববন্ধনে অংশ নেয়া মালিক-চালকরা বলেন, অটোরিকশা-ইজিবাইক উচ্ছেদ নয়, বৈধভাবে বাঁচতে চাই। চলমান গড়িগুলোকে নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আনলে সরকার রাজস্ব পাবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং লাখো পরিবারের জীবিকা রক্ষা পাবে।
মানববন্ধনে অংশ নেয়া মালিক-চালকদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। সেখানে লেখা ছিলো- 'বেকার বিলের নামে হয়রানি ও গাড়ি ডাম্পিং বন্ধ করতে হবে', বৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না', 'বিনা শর্তে অটোরিকশার লাইসেন্স দিতে হবে' ইত্যাদি।
মানববন্ধনে ৮ দফা দবি তুলে ধরেন অটোরিকশা চালক-মালিকরা। তাদের দাবি—চলমান অটোরিকশা সড়কে চলাচলের অনুমতি দিতে হবে; চলমান অটোরিকশাকে লাইসেন্স বা কিউআর কোড দিতে হবে; বৈধ বিদ্যুৎ সংযোগধারী মালিকদের অবৈধ বলে বিনা কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাবে না; চালকদের ট্রেনিং ও বৈধ লাইসেন্সের আওতায় আনতে হবে; বিদ্যুৎ সাশ্রয়ী লিথিয়াম ব্যাটারি সংজলভ্য করতে হবে; আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি ও ডাম্পিং বন্ধ করতে হবে; ভিআইপি রোডে অতি জরুরী পয়েন্টে ইউ-টার্নের ব্যবস্থা করতে হবে; নিবন্ধন ফি ও কর যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে।
