সড়ক দুর্ঘটনায় গত ৬ বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় একসাথে পুরো পরিবার নিহতের প্রবণতা বাড়ছে। রোববার এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
এতে বলা হয়, ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়—মোটরবাইক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স আরোহী এবং বাস যাত্রী হিসেবে একসাথে পুরো পরিবার অথবা এক পরিবারের অধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, গত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনে বলা হয়, মোটরবাইক আরোহী হিসেবে স্বামী-স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে ১৯৩টি এবং পিতা-সন্তান নিহতের ঘটনা ঘটেছে ১৫৯টি। অর্থাৎ ১৫৩টি মোটরবাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন ৩৮৬ জন এবং ১৫৯টি মোটরবাইক দুর্ঘটনায় পিতা-সন্তান নিহত হয়েছেন ৩১৮ জন। অটোরিকশা যাত্রী হিসেবে একই পরিবারের ২জন নিহতের ঘটনা ঘটেছে ২১১টি। ৩ জন নিহতের ঘটনা ১১৮টি, ৪ জন নিহতের ঘটনা ৯২টি, ৫জন নিহতের ঘটনা ৫৩টি, ৬ জন নিহতের ঘটনা ৩৮টি এবং ৭ জন নিহতের ঘটনা ঘটেছে ১৩টি। মোট ৫২৫টি দুর্ঘটনায় ১৭২৮ জন নিহত হয়েছেন।
আরও বলা হয়, মাইক্রোবাসের আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহতের ঘটনা ঘটেছে ৪৮টি, ৩ জন নিহতের ঘটনা ৪৬টি, ৪ জন নিহতের ঘটনা ৩৯টি, ৫ জন নিহতের ঘটনা ২৮টি, ৬ জন নিহতের ঘটনা ২০টি, ১১ জন নিহতের ঘটনা ৪টি এবং ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে ১টি। মোট ১৮৬টি দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, প্রাইভেটকার আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহতের ঘটনা ঘটেছে ৩৪টি। ৩ জন নিহতের ঘটনা ৩১টি, ৪ জন নিহতের ঘটনা ২৪টি, ৫ জন নিহতের ঘটনা ১৯টি। মোট ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছেন।
বাস যাত্রী হিসেবে একই পরিবারের ২ জন নিহতের ঘটনা ঘটেছে ১৭টি, ৩ জন নিহতের ঘটনা ৯টি, ৪ জন নিহতের ঘটনা ৬টি। মোট ৩২টি দুর্ঘটনায় ৮৫ জন নিহত। পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনা ঘটেছে ১টি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২১ মিনিট আগে
৮ নভেম্বর (রবিবার), ২০২৬, ১১ঃ৩১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
