অসুস্থ অমিতাভ বচ্চন, বন্ধ ‘কেবিসি’র শুটিং

অসুস্থ অমিতাভ বচ্চন, বন্ধ ‘কেবিসি’র শুটিং

ফন্ট সাইজ:

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। যার জেরে চিকিৎসকদের পরামর্শে কয়েক দিন বিশ্রামে আছেন তিনি। বলিউডের শাহেনশার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। তার অসুস্থতার কারণেই নাকি আপাতত বন্ধ রাখতে হয়েছে জনপ্রিয় ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮-এর শুটিং। সম্প্রতি এমনই খবর সামনে এসেছে। শুধু তা-ই নয়, নতুন পর্বের পরিবর্তে পুরনো পর্ব সম্প্রচার করছে সংশ্লিষ্ট চ্যানেল। জানা গেছে, অমিতাভের অসুস্থতার কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ‘কেবিসি’-র শুটিং। অনুষ্ঠানটি বহু বছর ধরে সঞ্চালনা করেন অমিতাভ।

কিন্তু তার শারীরিক অবস্থা খুব একটা ভাল না থাকায়, আপাতত নতুন পর্বের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। পরিবর্তে কয়েক সপ্তাহ আগে শুট করা তারকাদের পুরনো পর্ব সম্প্রচার করছে চ্যানেল। দীপাবলি উপলক্ষে বিশেষ পর্ব হিসাবেই দেখানো হচ্ছে সেগুলি। তবে অমিতাভের শারীরিক অবস্থা নিয়ে আশার কথাও শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই আবার শুরু হতে পারে শুটিং। যদিও তা সম্পূর্ণ নির্ভর করছে অভিনেতার শারীরিক অবস্থার উপরে। এ দিকে, শনিবার নিজের ব্লগেও ধীরে ধীরে কাজে ফেরার কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

অনুরাগীদের সঙ্গে তার সম্পর্কের কথাও উঠে এসেছে লেখায়। অমিতাভ লিখেছেন, ধীরে ধীরে আবার পুরনো রুটিনে ফিরছেন তিনি। তবে সেই ফেরা নিয়ন্ত্রিত এবং কিছুটা ধীর গতির। নিয়মিত কাজের অভ্যাস থেকে দূরে থাকলে পরিচিত অভ্যাসও যেন অন্য রকম হয়ে যায় বলে জানিয়েছেন অভিনেতা।